
কলকাতা: টিসিএস কর্মীদের জন্য সুখবর। দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা, টাটা কনসাল্টেন্সি সার্ভিস (Tata Consultancy Service) তাদের কর্মীদের বেতন বৃদ্ধি করতে চলেছে। ইতিমধ্যেই ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সমস্ত গ্রেডের কর্মীদেরই বেতন বৃদ্ধি করা হবে। ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার। সেই সময়ই কর্মীদের এই সুখবর দেওয়া হয়েছে।
গত বছর টিসিএসে বেতন বৃদ্ধি বেশ দেরিতেই হয়েছিল। সেপ্টেম্বরে কর্মীরা হাতে চিঠি পেয়েছিলেন। তবে এইবার এত দেরি হবে না বলেই সংস্থা সূত্রে খবর। যদিও কর্মীদের কত বেতন বৃদ্ধি করা হতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি টাটা সংস্থা।
টিসিএসের মানব সম্পদ বা হিউমান রিসোর্স ফাংশন চিফ সন্দীপ কুন্নুমাল জানিয়েছেন, সকল গ্রেডের কর্মীদের জন্যই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি ভবিষ্যতের জন্য তৈরি কর্মক্ষমতা তৈরি করছে, যেখানে অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা যেমন রয়েছেন, তেমনই ক্যাম্পাস থেকেও বিপুল সংখ্যক নবাগতদের নিয়োগ করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ২৯ শতাংশ আয় বৃদ্ধি হয়েছে, রাজস্ব বৃদ্ধি হয়েছে ৯.৬৪ শতাংশ। গত অর্থবর্ষের শেষ ভাগে টিসিএস মোট ২৩৫৬ জন কর্মী নিয়োগ করেছে। বর্তমানে মোট কর্মীর সংখ্যা ৫ লক্ষ ৮৪ হাজার ৫১৯। তবে এর মধ্যে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে, গত অর্থবর্ষের (২০২৪-২৫) শেষে টিসিএসের কর্মী সংখ্যা ছিল ৬ লক্ষ ৭ হাজার ৯৭৯। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোপেই চাকরি হারিয়েছেন হাজার হাজার কর্মী।
টিসিএস জানিয়েছে, তারা এখন সেই সমস্ত কর্মীদেরই নিয়োগ করছে যাদের এআই, মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স স্কিল রয়েছে।