
কলকাতা: যখন চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। সেই মুহূর্তে বড় ধাক্কা খেল সোনা ব্যবসায়ী সংস্থা সেনকো গোল্ড। শুক্রবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ২০ শতাংশ পড়ে গেল সেনকো গোল্ডের শেয়ারের দাম। এদিন এক ধাক্কায় ৩৫৭ টাকায় এসে ঠেকেছে সংস্থার শেয়ারের দর।
কিন্তু কেন এমন পতন?
সম্প্রতি নিজেদের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ সেনকো গোল্ড। আর সেই রিপোর্টের পরেই শেয়ার বাজারে বড় পতন সংস্থার শেয়ারের। কী এমন রয়েছে সেই রিপোর্টে? জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এক ধাক্কায় ৭০ শতাংশ পড়ে গিয়েছে সংস্থার আয়। গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে যেখানে সেনকোর আয় হয়েছিল ১০৯ কোটি টাকা। সেখানে চলতি অর্থবর্ষে আয়ের পরিমাণ এসে ঠেকেছে ৩৩ কোটি টাকায়। এছাড়াও পতন হয়েছে ট্য়াক্স-পূর্ববর্তী আয়েও।
আয়ের এমন পতন দেখে মুখ খুলেছেন সংস্থার প্রধান অর্থনৈতিক আধিকারিক বা সিএফও সঞ্জয় বাঙ্কা। তাঁর দাবি, ‘মূলত EBITDA ও PAT মার্জিনে শুল্কের প্রভাবের কারণে এতটা পরিমাণ পড়ে গিয়েছে আয়।’ এরপরই আশাবাদী হয়ে তিনি বলেন, ‘বর্তমানে ভারতে ধাতু ও অলংকার শিল্পের বাজার প্রায় ৮৫ থেকে ৯০ বিলিয়ন মার্কিন ডলার। আমরা বিশ্বাস করি, এই ঘটনাকে ভুলে বার্ষিকী ৭ থেকে ৮ শতাংশ EBITDA মার্জিন খুব শীঘ্রই অর্জন করবে আমাদের সংস্থা।’
বর্তমানে গোটা দেশে বর্তমানে মোট ১৭১টি শোরুম রয়েছে সেনকো গোল্ডের। যার মধ্য়ে ৭০টি দোকান হল ফ্র্যানচাইজি শপ। এছাড়াও, চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের মধ্য়েই দেশে আরও ৮ থেকে ১০টি শোরুম খুলতে চলেছে তারা। গত ৯ মাস আগেও দেশজুড়ে মোট ১২টি নতুন শোরুম তৈরি করেছে সেনকো গোল্ড।