
কলকাতা: নতুন বছরের শুরুতেই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রীর পর এবার চালু হয়েছে যোগ্যশ্রী প্রকল্প। যারা সরকারি চাকরি করতে চান, কিন্তু আর্থিক অভাব-অনটনে প্রস্তুতি নিতে পারেন না, তাদের জন্যই এই প্রকল্প। কী এই প্রকল্প, কীভাবে এতে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত-
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুবিধা দেওয়া হবে যোগ্য়শ্রী প্রকল্পে। মূলত অনগ্রসর জাতি- তফশিলি ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের নিখরচায় জয়েন্ট এন্ট্রাস (JEE), নিট (NEET) পরীক্ষার প্রবেশিকা ও মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এছাড়া ব্য়াঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক, আধাসামরিক বাহিনী, পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতিরও ব্য়বস্থা করা হবে এই সরকারি প্রকল্পে।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিনামূল্যে চাকরির পরীক্ষার প্রশিক্ষণের জন্য প্রতিটি জেলায় দুটি করে সেন্টার তৈরি করা হচ্ছে। মোট ৪৬টি প্রশিক্ষণ সেন্টার তৈরি করা হবে। ছয় মাসের কোর্স হবে এটি। প্রতি সপ্তাহে তিনদিন করে ক্লাস করানো হবে। ক্লাসের সময়সীমা চার ঘণ্টা। মোট ৩২০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে।
ফেব্রুয়ারি মাস থেকেই এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। এর জন্য কোনও ফি লাগবে না। কীভাবে আবেদন করতে হবে, সেই সম্পর্কে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার।