
প্রথম প্রযোজিত সিরিজ তারকাটার শুটিং ফ্লোরে গুরুতর আহত হলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্য়ায়। জানা গিয়েছে, অ্য়াকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে বিক্রমের। বিক্রম আহত হওয়ার কারণে জন্য শুটিং কয়েক দিন বন্ধ থাকতে পারে। বিক্রমের পা ঠিক হয়ে গেলে আবার শুটিং করবেন। অভিনেতা বিক্রম ফেসবুকে আহত পায়ের ছবিও পোস্ট করেছেন।
‘তারকাটা’ সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক রায়চৌধুরী। সিরিজের গল্পের কেন্দ্রে রয়েছেন একজন প্রাক্তন পুলিশ অফিসার। নিজের শেকড়ে ফিরে আসা এবং একটি জটিল রহস্যের সমাধান করাই তাঁর উদ্দেশ্য। কিন্তু সেই মৃত্যু-রহস্য কি কেবলই কাকতালীয়, নাকি এর গভীরে জড়িয়ে আছে তাঁর নিজেরই কোনো অতীত? এই টানাপোড়েন নিয়েই এগোবে ‘তারকাটা’-র চিত্রনাট্য। তবে নির্মাতাদের দাবি, কেবল রহস্য বা অ্যাকশন নয়, এই সিরিজের পরতে পরতে মিশে থাকবে ‘ডার্ক হিউমার’, যা বাংলা ওয়েব দুনিয়ায় এক নতুন স্বাদের বিনোদন জোগাবে।
নিজের প্রথম প্রযোজনা নিয়ে বেশ উচ্ছ্বসিত বিক্রম। তিনি বলেন, “এই সিরিজে আমি ‘অগ্নি’ নামের একটি চরিত্রে অভিনয় করছি। চরিত্রটার স্তরে স্তরে এক অদ্ভুত মজা আছে। সত্যি বলতে, আমার ক্যারিয়ারে করা অন্যতম মজার চিত্রনাট্য হতে চলেছে এটি। যেহেতু আমার প্রথম প্রযোজনা, তাই এর সঙ্গে আবেগ জড়িয়ে আছে অনেক বেশি।” বিক্রমের পাশাপাশি এই সিরিজে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, মেইয়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য এবং আয়ুষ দাসের মতো চেনা মুখদের।