Actor Rahul Arunoday Banerjee: তালসারি বিচে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের

Actor Rahul Arunoday Banerjee died: সিনেমা, সিরিয়াল, থিয়েটারে অবাধ বিচরণ ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাবার থিয়েটার গ্রুপ ছিল। সেখানে অভিনয়ে হাতেখড়ি। এরপর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাঁকে। নায়ক হিসেবে প্রথম বাংলা সিনেমাতেই শোরগোল ফেলে দেন। রাহুল ও প্রিয়ঙ্কা সরকারের প্রথম সিনেমা 'চিরদিনই তুমি যে আমার' বাংলা সিনেমা জগতে আলোড়ন ফেলে।

Actor Rahul Arunoday Banerjee: তালসারি বিচে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 29, 2026 | 8:50 PM

কলকাতা ও দিঘা: তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একটি ধারাবাহিকে শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন অভিনেতা। রবিবার দুর্ঘটনার সময় অবশ্য শুটিং ছিল না। জলে নেমে তলিয়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।

সিনেমা, সিরিয়াল, থিয়েটারে অবাধ বিচরণ ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাবার থিয়েটার গ্রুপ ছিল। সেখানে অভিনয়ে হাতেখড়ি। এরপর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাঁকে। নায়ক হিসেবে প্রথম বাংলা সিনেমাতেই শোরগোল ফেলে দেন। রাহুল ও প্রিয়ঙ্কা সরকারের প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বাংলা সিনেমা জগতে আলোড়ন ফেলে।

এই সিনেমার নায়িকা প্রিয়ঙ্কার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাহুলের। তাঁরা বিয়ে করেন। রাহুল ও প্রিয়ঙ্কার একমাত্র ছেলে সহজ। মাঝে এই দম্পতির মধ্যে সম্পর্কে ফাটল ধরে। তবে ২০২৩ সালে ফের সেই সম্পর্ক জোড়া লাগে।

আচমকা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। রাহুলের আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। টিভি৯ বাংলার ফোন পেয়ে কেঁদে ফেললেন অভিনেতা বাদশা মৈত্র। কাঁদতে কাঁদতেই বললেন, “এখন আমি কথা বলার অবস্থায় নেই। আমি কিছুই বুঝতে পারছি না।” শোকস্তব্ধ অভিনেতা রুদ্রনীল ঘোষ। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। টিভি৯ বাংলাকে রুদ্রনীল বলেন, “আমার বলার কোনও ভাষা নেই। চিরদিনই তুমি যে আমার সিনেমায় অভিনয়ের আগে থেকে আমরা পরস্পরকে চিনতাম। সিনেমার নানা বিষয় নিয়ে আলোচনা করতাম।”

Follow Us