
মুম্বই: তিনি ‘রামায়ণ’-র ‘সীতা’। তাঁর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। তাঁর মিষ্টি হাসি মন জয় করে নেয় আট থেকে আশির। তাঁর লম্বা চুল নিয়েও আলোচনা হয়। সেই লম্বা চুলই ‘হারাতে’ হল অভিনেত্রী সাই পল্লবীকে। আর সেকথা নিজেই জানালেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী। এমনকি, এই চুল কেটে ফেলার জন্য বাবা-মা যে তাঁর উপর রুষ্ট হয়েছিলেন, অকপটে সেকথাও জানালেন ‘সীতা’।
কেন চুল কাটলেন সাই পল্লবী?
গত ৫ নভেম্বর ‘রামায়ণ’ মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী সাই পল্লবী। এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দর্শকদের সামনে তিনি আসতে চলেছেন। তাঁর আগামী ছবি ‘OM: Chapter 1 – Udhiram: The Blood Wood’-এ একজন CBI অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে বেআইনি লাল চন্দন কাঠের কারবারের তদন্ত করতে দেখা যাবে তাঁর চরিত্রকে। এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গিয়ে চেহারায় বেশ বড়সড় পরিবর্তন এনেছেন অভিনেত্রী। এমনকী ছোট করে কেটে ফেলেছেন নিজের চুলও। আর তাঁর এই সিদ্ধান্তে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন বাবা-মা।
একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাই পল্লবী বলেন, “গল্পটা শোনার পর এবং ছবিতে আমার চরিত্রটিকে কীভাবে তুলে ধরা হবে, তা বোঝার পর নিজেকে সেই অনুযায়ী তৈরি করেছি। গল্পটা আমার এতটাই ভালো লাগে যে এই বিশেষ চরিত্রের জন্য চুল কাটতেও রাজি হয়ে যাই।
চুল কেটে কাকে প্রথম নিজের নতুন লুক দেখান সাই-
এই নিয়ে দক্ষিণী এই অভিনেত্রী বলেন, “চুল কাটার পর প্রথমে ভিডিয়ো কলের মাধ্যমে মাকে আমার নতুন লুক দেখাই। মা বেশ অবাক হয়ে যান। কেন এমন করেছি, তা নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন। শেষ পর্যন্ত ফোন কেটে দেন। এরপর বাবা ফোন করে জানতে চান, আমি পরচুলা পরেছি কি না! আমি তাঁকে বুঝিয়ে বলি, পুরোটাই চরিত্রের প্রয়োজনে করেছি। আমার নতুন চুলের সঙ্গে মানিয়ে নিতে তাঁদের বেশ কিছুটা সময় লেগেছিল।”
ছবির পরিচালক রাজকুমার পেরিয়াসামিও সাই পল্লবীর এই পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, “এই বিশেষ চরিত্রের জন্য এই লুকটাই উপযুক্ত ছিল। কোনও ছবিতে নায়কের চরিত্রের সঙ্গে মানানসই করে তুলতে আমরা যেমন কিছু সিদ্ধান্ত নিই, তেমনই এই চরিত্রের জন্য সাই পল্লবীও চুল কেটে ত্যাগ স্বীকার করেছেন। গল্পের প্রতি তাঁর ভালোবাসাই এই পরিবর্তন সম্ভব করেছে।”
রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় এই ছবিতে সাই পল্লবী ছাড়াও অভিনয় করেছেন মামুট্টি এবং শ্রীলীলা। আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ‘OM: Chapter 1 – Udhiram: The Blood Wood’-এর।