
বিয়ে করেছেন একমাসও পূর্ণ হয়নি। বিয়ের পর এই তাঁর প্রথম জন্মদিন। কথা হচ্ছে আদৃত রায়ের। এ দিন জন্মদিন উপলক্ষে ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন আদৃত। সেখানেই বিয়ের অজানা গল্প শেয়ার করেন অভিনেতা। বিয়ের দিন কপালে চুল, ‘ঝোড়ো কাক’-এর মতো বিয়ের মন্ডপে হাজির হয়েছিলেন অভিনেতা। তাঁকে দেখে আঁতকে উঠেছিলেন সকলে! এ কী অবস্থা তাঁর! আদৃত জানান, শুধু যে ভক্তরাই অবাক হয়েছিলেন তা নয় চমকে গিয়েছিলেন স্ত্রীও।
তিনি জানান, বিয়ের মন্ডপে তাঁকে দেখেই কৌশাম্বী বলে ওঠেন এইভাবে কিছুতেই বিয়ে করব না। তাঁর কথায়, “জিম মরিসনের মতো যেন দেখতে লাগে তেমনটাই চেয়েছিলাম। তবে কৌশানী দেখেই বলল, এভাবে বিয়ে করব না। থ্যাঙ্ক গড, ও পরে ও সিদ্ধান্ত থেকে সরে আসে।” কৌশানীকে সন্তুষ্ট করতে যদিও পরেরদিনই চুলটুল কেটে আসেন আদৃত। তাঁর বিয়ে ও বৌভাতের ছবিগুলি দেখলেই বোঝা যাবে দু’টি লুক একেবারেই আলাদা।
ধুমধাম করে বিয়ে করেছেন আদৃত ও কৌশাম্বী। তাঁদের বিয়েতে হাজির ছিলেন গোটা মিঠাই পরিবার। তবে আমন্ত্রণ জানানো হয়নি সৌমিতৃষা কুন্ডুকে। একদা যে ছিলেন আদৃতের সবচেয়ে কাছের বন্ধু, বিয়েতে তিনিই কেন অনুপস্থিত? তা নিয়ে জল্পনা কম হচ্ছে না। সে যাই হোক, বিবাহিত জীবন এই মুহূর্তে চুটিয়ে উপভোগ করছেন আদৃত ও কৌশাম্বী। হনিমুনে গিয়েছিলেন নর্থ গোয়া। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন কৌশাম্বী।