
তেলুগু সিনেমার মহাতারকা অল্লু অর্জুন এবার আদালতের শরণাপন্ন হলেন। টলিউডের এই অভিনেতার অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক পণ্য বা ‘মার্চেন্ডাইজ’-এ তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে। এই যথেচ্ছ ব্যবহার রুখতেই দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন তিনি। শুক্রবার বিচারপতি তুষার রাও গেডেলার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।
সাধারণত কোনও তারকার জনপ্রিয়তা কাজে লাগিয়ে অনেক সংস্থা তাঁর অনুমতি ছাড়াই টি-শার্ট, পোস্টার বা অন্যান্য সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করে। অল্লু অর্জুনের দাবি, তাঁর সম্মতি ছাড়া তাঁর ব্যক্তিত্বের কোনো অংশই যেন বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা না হয়। এই অধিকারটিকেই আইনি ভাষায় বলা হয় ‘পার্সোনালিটি রাইটস’।
এটি কোনো ব্যক্তির আইনি অধিকার, যার মাধ্যমে তিনি নিজের পরিচয়— যেমন নাম, ছবি, কণ্ঠস্বর, স্বাক্ষর, এমনকি তাঁর জনপ্রিয় কোনো সংলাপের বাণিজ্যিক ও প্রকাশ্য ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন। এর দুটি প্রধান দিক রয়েছে-
পাবলিসিটি রাইট: অনুমতি ছাড়া বিজ্ঞাপনে ছবি বা পরিচয় ব্যবহার করে মুনাফা লোটা বন্ধ করা। প্রাইভেসি রাইট: মফড ছবি, ডিপফেক ভিডিও বা জাল বিজ্ঞাপনের মাধ্যমে কারও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হওয়া থেকে রক্ষা করা।
কেবল আল্লু অর্জুন নন, সম্প্রতি অমিতাভ বচ্চন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের মতো তারকারাও এই অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। খুব সম্প্রতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানও বম্বে হাইকোর্ট থেকে এ বিষয়ে স্বস্তি পেয়েছেন। আদালত তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘনকারী সমস্ত কন্টেন্ট ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিশ্বজুড়ে অল্লু অর্জুনের অগণিত অনুরাগী থাকলেও, ব্যবসায়িক স্বার্থে তাঁর পরিচয়ের অপব্যবহার রুখতে অভিনেতার এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দিল্লি হাইকোর্ট এই বিষয়ে কী রায় দেয়, এখন সেটাই দেখার।