Amitabh Bachchan: ‘জলসা’-র সামনে নিষিদ্ধ সংগঠনের জমায়েতের ডাক! এবার কোন বিপাকে অমিতাভ?

Amitabh Bachchan Controversy: সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন মুম্বইয়ে অমিতাভের বাসভবন ‘জলসা’-র সামনে জমায়েতের ডাক দিয়েছেন। সূত্রের খবর, আগামী ১৯ থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকে খুনের হুমকিও দিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ।

Amitabh Bachchan: ‘জলসা’-র সামনে নিষিদ্ধ সংগঠনের জমায়েতের ডাক! এবার কোন বিপাকে অমিতাভ?

|

Nov 17, 2026 | 7:28 PM

ফের একের পর এক প্রাণনাশের ও বিক্ষোভের হুমকির মুখে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিগত কয়েক দিন ধরেই ক্রমাগত নিশানা করা হচ্ছে বর্ষীয়ান এই অভিনেতাকে। এবার সরাসরি তাঁকে নিশানা করল নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)। সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন মুম্বইয়ে অমিতাভের বাসভবন ‘জলসা’-র সামনে জমায়েতের ডাক দিয়েছেন। সূত্রের খবর, আগামী ১৯ থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকে খুনের হুমকিও দিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ।

পান্নুনের তরফে ঘোষণা করা হয়েছে, মুম্বইয়ে অমিতাভের বাংলো ‘জলসা’-র সামনে ‘খলিস্তান জলসা’-র আয়োজন করতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার প্রসঙ্গ উস্কে দিয়ে মুম্বইয়ের শিখ সম্প্রদায়ের মানুষজনকে এই জমায়েতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অমিতাভের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন পান্নুন, যেখানে কটাক্ষের সুরে তিনি প্রশ্ন ছুড়েছেন— “বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?” তাঁর দাবি, ১৯৮৪ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর অমিতাভ যে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে, তার দায়ভার অভিনেতাকে নিতেই হবে।

এই বিতর্কের শিকড় লুকিয়ে রয়েছে ১৯৮৪ সালের উত্তাল সময়ে। অভিযোগ উঠেছিল, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর অমিতাভ নাকি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। যদিও বলিউডের মেগাস্টার বরাবরই এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করে এসেছেন। অতীতেও একাধিকবার পান্নুন ও তাঁর সংগঠন এই পুরনো প্রসঙ্গ টেনে অমিতাভকে নিশানা করেছে।

সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র মঞ্চে অতিথি হয়ে এসে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজীত দোসাঞ্ঝ। মনে করা হচ্ছে, এই ঘটনার পর থেকেই চার দশক পুরনো সেই বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এই হুমকির আবহেই আরও বড় উদ্বেগের খবর সামনে এসেছে। কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ সরাসরি অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চনকে খুনের হুমকি দিয়েছে বলে খবর। বচ্চন পরিবারের এই দুই সদস্যের নাম উল্লেখ করে গ্যাংস্টারের হুঁশিয়ারি, বুলেটপ্রুফ কাচও তাঁদের রক্ষা করতে পারবে না। পরপর এমন গুরুতর হুমকির জেরে মুম্বইয়ে বচ্চন পরিবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us