
২০০৮ সালের ২৬/১১-র মুম্বই হামলার ক্ষত আজও ভারতের বুকে দগদগে। আর সেই ভয়াবহতম জঙ্গি হামলার অন্যতম প্রধান অভিযুক্ত, জঙ্গি আজমল কাসভকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল কেবিসি-র মঞ্চে কাসভের করা একটি পুরনো দাবির কথা তুলে ধরেছিলেন তৎকালীন বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। কাসভ নাকি দাবি করেছিল, সে মুম্বইয়ে জঘন্য হামলা চালাতে নয়, বরং মেগাস্টার অমিতাভ বচ্চনকে দেখতে এসেছিল! আর আইনজীবীর মুখে এমন আজব ও বিভ্রান্তিকর দাবির কথা শুনে মঞ্চেই চরম ক্ষোভ উগরে দিলেন ‘বিগ বি’।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র একটি বিশেষ পর্ব ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল নিকম নিজেই। সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী ওয়ামিকা গব্বিও। অনুষ্ঠান চলাকালীন কাসভের বিচারের প্রসঙ্গ উঠতেই আইনি বিলম্ব নিয়ে তীব্র প্রশ্ন তোলেন বচ্চন। অমিতাভ ক্ষোভের সঙ্গে জানতে চান, “এত বড় অপরাধীকে ফাঁসি দিতে চার বছর সময় লেগে গেল কেন? ওকে তো ধরা পড়ার সঙ্গে সঙ্গেই কবর দেওয়া উচিত ছিল!”
এই আলোচনা চলাকালেই আদালতে কাসভের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিকথা জানান উজ্জ্বল নিকম। তিনি বলেন, “কাসভ যখন প্রথম এজলাসে আসে, ও আমার দিকে একদৃষ্টে তাকিয়ে ছিল, আমিও ওর চোখের দিকে তাকিয়ে ছিলাম।” এরপরই কাসভের বিচার চলার সময়ের নানাবিধ মনগড়া দাবির প্রসঙ্গ টেনে নিকম বলেন, “আপনি শুনে হয়তো অবাক হবেন অমিতাভজি, ও নাকি দাবি করেছিল, আপনার সঙ্গে দেখা করার জন্যই ও মুম্বই এসেছিল!”
আইনজীবীর মুখে এ কথা শোনামাত্রই গর্জে ওঠেন অমিতাভ বচ্চন। মেগাস্টার সরাসরি বলেন, “না না, স্যর! ও যদি সত্যি আমার বাড়ির দিকে আসত, তবে আর জ্যান্ত ফিরে যেতে পারত না। আমাদের বাড়ি থেকেই আমরা ওকে গুলি করে উড়িয়ে দিতাম।”
উজ্জ্বল নিকম আরও জানান, আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে এবং সাজা এড়াতে নানা নাটক করেছিল কাসভ। এমনকি বিচার চলাকালীন সে নিজেকে নাবালক বলেও দাবি করে, যা নিয়ে দীর্ঘদিন আইনি জটিলতা বজায় রাখার চেষ্টা করেছিল এই জঙ্গি।