
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)— বয়স ৮৪, কিন্তু আজও প্রতি রবিবার তাঁর এক ঝলক দেখার জন্য ‘জলসা’-র বাইরে মানুষের ঢল নামে। আর এই রবিবার অনুরাগীদের জন্য ছিল এক দারুণ চমক! গত সপ্তাহের মত মাঝখানে কোনও বুলেটপ্রুফ কাচের দেওয়াল নয়, একদম সরাসরি ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি। অথচ এই আনন্দের মাঝেই তাঁর মনে একটু আক্ষেপ। দিওয়ালিতে পাওয়া এত ভালোবাসা আর উপহারের জন্য সবাইকে তিনি চিঠি লিখতে গিয়েও পারছেন না! কেন?
কী হয়েছে বিগ বির?
উৎসবে দেশ-বিদেশ থেকে তাঁর কাছে প্রচুর উপহার এসেছে। বিগ বির কথায়, এত উপহার রাখার মতো জায়গাও এখন তাঁর কাছে নেই। তিনি মনে করেন, কারও পাঠানো উপহার অযত্নে ফেলে রাখা মানে প্রেরককে অপমান করা। তাই তিনি ঠিক করেছিলেন, প্রত্যেককে নিজের হাতে চিঠি লিখে ধন্যবাদ জানাবেন। কিন্তু চাইলেই তো আর সব সময় সবকিছু করা যায় না। বাধা হয়ে দাঁড়াল হাতের তীব্র ব্যথা। এই কষ্টের কারণেই তিনি কলম ধরতে পারছেন না।
চিঠি লিখতে দেরি হওয়ায় নিজের ব্লগে ফ্যানেদের কাছে মন খুলে ক্ষমা চেয়েছেন মেগাস্টার। লিখেছেন, পরিস্থিতি এমন যে এখন বারবার তাঁকে ক্ষমা চাইতে হচ্ছে। বিগ বি-র মতে, ভুল হলে বা দেরি হলে ক্ষমা চেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তিনি বেশ সুন্দর ভাষায় লিখেছেন, “ক্ষমা চাইলে মনে শান্তি আসে। সামনের মানুষটি তা বুঝলে আমার মন প্রসন্ন হবে। আর না মানলে তার মনেই খচখচানি থেকে যাবে।” এককথায়, তিনি বোঝাতে চাইলেন ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, বরং মনে শান্তি আসে।
কিছুদিন আগেই চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছিলেন। এমনকি সোশাল মিডিয়া থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। এর মধ্যেই গত শুক্রবার তাঁর বাংলো ‘জলসা’-সহ মুম্বইয়ের আরও কয়েকটি জায়গায় বোমা হামলার হুমকি ইমেল আসে। যদিও পরে পুলিশি তদন্তে জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়ো।
তবে বোমাতঙ্কের জেরে যেখানে কড়া নিরাপত্তা থাকার কথা, সেখানে রবিবার চেনা মেজাজে ধরা দিলেন শাহেনশা। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো কাচের আড়াল থেকেই হাত নাড়বেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাচের দেওয়াল ছাড়াই ভক্তদের সামনে এলেন তিনি। বুঝিয়ে দিলেন, অনুরাগীদের সঙ্গে তাঁর এই ভালোবাসার টানে কোনও ভয় বা বাধাই টিকতে পারে না।