
টাইগার শ্রফের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার সরাসরি হুমকি এল খোদ অমিতাভ বচ্চনের বাংলো উড়িয়ে দেওয়ার! সূত্রের খবর, অমিতাভের বিখ্যাত জুহুর বাংলো ‘জলসা’-কে গ্রেনেড বা বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এফপিজে (FPJ)-এর প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের বৃহন্মুম্বই কর্পোরেশন বা বিএমসি (BMC)-র দপ্তরে একটি ইমেল আসে। ডিসিপি মনীষ কালওয়ানিয়া জানিয়েছেন, ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ এবং দিলজিৎ দোসাঞ্জের কনসার্টস্থল ছাড়াও দাদর এলাকার কয়েকটি স্কুলকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে হামলার হুমকি ইমেলে।
খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ ও অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে অমিতাভের ‘জলসা’ বাংলো এবং দিলজিতের কনসার্ট ভেন্যুতে তল্লাশি চালানো হয়। তবে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইমেলটি কে বা কারা পাঠিয়েছে এবং এর নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সাইবার ক্রাইম সেলের সাহায্য নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
সাম্প্রতিক সময়ে তারকাদের ঘিরে একের পর এক হুমকি বার্তার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে দিলজিতের দিল্লি কনসার্ট ঘিরে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। এবার মুম্বইয়ের কনসার্ট ভেন্যু ও অমিতাভ বচ্চনের বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।