
নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’-এর সঙ্গীত নির্মাণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে গিয়ে একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ আর রহমান। শুধু প্রস্তাব ফিরিয়ে দেওয়াই নয়, প্রায় তিন বছর ধরে এই ছবির আবহসঙ্গীত ও নানা থিম সাজাতে অক্লান্ত পরিশ্রম করেছেন অস্কারজয়ী সুরকার। নিজের এই দীর্ঘ ও নিবিড় অভিজ্ঞতার কথা সম্প্রতি ভাগ করে নিয়েছেন তিনি।
‘রামায়ণ’-এর সঙ্গীত পরিচালনায় রহমানের সঙ্গী হয়েছেন হলিউডের খ্যাতনামা সুরকার হ্যান্স জ়িমার। দুই বিশ্বখ্যাত সুরকারের এই যৌথ প্রয়াস নিয়ে প্রথম থেকেই সিনেপ্রেমী ও সঙ্গীতানুরাগীদের কৌতূহল তুঙ্গে। রহমান জানিয়েছেন, এই ছবির সঙ্গীতের কাজে ডুবে থাকতে গিয়ে তাঁকে বেশ কিছু ছবির কাজ না বলতে হয়েছে; এমনকী, একাধিক প্রথম সারির পরিচালকের প্রস্তাবও ছাড়তে হয়েছে তাঁকে।
নিজের কাজের প্রক্রিয়া তুলে ধরে রহমান বলেন, “তিন বছর ধরে আমরা ‘রামায়ণ’-এর সঙ্গীত নিয়ে কাজ করছি। ছবির বিভিন্ন থিম তৈরি করেছি। কোনও কোনও সুরের ১২-১৩টি সংস্করণ তৈরি করতে হয়েছে। ‘রাবণ তাণ্ডব’-এর ক্ষেত্রেও এটাই হয়েছিল। শেষপর্যন্ত এমন একটি সংস্করণ খুঁজে পাওয়া যায়, যেটি সকলের পছন্দ হয়েছে।”
একসঙ্গে এতগুলো ছবির সুযোগ কেন হাতছাড়া করলেন? এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রহমান বলেন, “রামায়ণ-এর জন্য নিজেকে সম্পূর্ণ ভাবে সেই জগতের মধ্যে ডুবিয়ে রাখতে চেয়েছিলাম। তাই প্রায় ১০-১২টি ছবির কাজ ছেড়ে দিয়েছি। বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ এবং বড় পরিচালকের ছবিও ফিরিয়ে দিয়েছি। এই সিদ্ধান্তের জন্য আমি গর্বিত।”
কোন প্রজেক্টে কাজ করবেন, তা ঠিক করার ক্ষেত্রে বরাবরই নিজের শিল্পীসত্তার তৃপ্তি ও মানসিক সংযোগকে অগ্রাধিকার দেন রহমান। তাঁর মতে, যে কাজ তাঁকে অভ্যন্তরীণ তৃপ্তি দেয় এবং যার সঙ্গে তিনি আত্মিকভাবে যুক্ত হতে পারেন, কেবল তেমন কাজই করতে আগ্রহী হন তিনি। কোনও ছবির সঙ্গীত তাঁর সৃজনশীলতাকে নতুন মাত্রা দিলে তবেই সেই কাজে হাত দেন; আর এই পথচলায় পুরো টিমের উদ্যমও বড় ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।
ভারতীয় ঐতিহ্যের বিভিন্ন সুরের ধারা এবং পাশ্চাত্য সঙ্গীতের সমন্বয় প্রসঙ্গেও কথা বলেছেন রহমান। তাঁর কথায়, দেশের প্রতিটি অঞ্চলের সঙ্গীতের আলাদা ভাষা আছে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক থেকে শুরু করে পঞ্জাব, বাংলা কিংবা মহারাষ্ট্র— প্রতিটি এলাকার সঙ্গীতের নিজস্ব স্বর ও বৈশিষ্ট্য রয়েছে। সেই বিচিত্র সুরধারাকেই এক সুতোয় গাঁথার প্রয়াস চালান তিনি।
প্রসঙ্গত, ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের ভূমিকায় দেখা গিয়েছে সানি দেওলকে। পাশাপাশি ছবিতে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন এবং কাজল আগরওয়াল। ছবিটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মহলে নানা চর্চা চলছে। জানা গিয়েছে, ‘রামায়ণ’-এর দ্বিতীয় কিস্তি প্রেক্ষাগৃহে আসতে পারে ২০২৮ সালে।