
বক্স অফিসের যাবতীয় রেকর্ড দুমড়ে-মুচড়ে দেওয়ার পর এবার বিশ্বসংগীতের সবচেয়ে বড় মঞ্চ জয় করার প্রস্তুতি! আদিত্য ধর পরিচালিত মেগা হিট ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয় ইতিমধ্যেই চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এবার কেবল সিনেমা নয়, ছবির সুর ও লিরিক্স সমাদৃত হতে চলেছে আন্তর্জাতিক দরবারে। মর্যাদাপূর্ণ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের (69th Grammy Awards) একাধিক বিভাগে অফিশিয়ালি জমা পড়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাউন্ডট্র্যাক, যার মধ্যে অন্যতম চর্চায় অরিজিৎ সিংয়ের গাওয়া গান।
টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওসের যৌথ উদ্যোগে এই খবর সামনে আসতেই ভারতীয় সংগীতপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির ‘ফিরসে’ (Phir Se) গানটি বিশেষ ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে (Best Song Written for Visual Media) গ্র্যামির বিবেচনার জন্য পাঠানো হয়েছে।
এই ঐতিহাসিক ক্ষণে নিজের অনুভূতির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অরিজিৎ সিং লিখেছেন, “‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ: ফিরসে’ গানটি ভিজুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের গ্র্যামি মনোনয়নের বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে। আপনাদের অবিরত ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।”
কেবল অরিজিতের গানই নয়, ছবির গোটা সাউন্ডট্র্যাক অ্যালবামটিকেই বিশ্বমঞ্চে তুলে ধরতে এক বিশালাকার গ্র্যামি ক্যাম্পেইন চালু করেছে টি-সিরিজ ও বি৬২ স্টুডিওস। বিশ্বজনীন সংগীত (Global Music), এশিয়ান পপ (Asian Pop), গীতিকার (Songwriting), র্যাপ (Rap), ডান্স এবং ইলেকট্রনিক রেকর্ডিংসের মতো বৈচিত্র্যময় বিভাগে জমা পড়েছে ছবির অন্যতম হিট ট্র্যাকগুলো—
‘আরি আরি’
‘জান সে গুজারতে হ্যায়’
‘কানহাইয়া’
‘জাইয়ে সজনা’
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর দুর্দান্ত ও এনার্জেটিক সাউন্ডট্র্যাক তৈরি করেছেন বিখ্যাত সুরকার শাশ্বত সচদেব। আর সুরের সঙ্গে বাজিমাত করা কথা বুনেছেন বলিউডের প্রখ্যাত গীতিকার ইরশাদ কামিল এবং কুমার।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে পেক্ষাগৃহে ঝড় তুলে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম ছবি ‘ধুরন্ধর’। এরপর ২০২৬ সালের মার্চে প্রেক্ষাগৃহে আসে এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বক্স অফিসে ঐতিহাসিক সাফল্যের পর এখন বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যামি’র আঙিনায় সুরের জাদু ছড়াতে প্রস্তুত ভারতের এই ছবি।