
অর্জুন কাপুর ও সাহিবা বালির প্রেমের গুঞ্জন কি এবার আনুষ্ঠানিক রূপ পেল? গুরুপুর্ণিমা উপলক্ষে একটি গুরুদ্বার থেকে অর্জুন কাপুরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তথা টেলিভিশন সঞ্চালক সাহিবা বালি। আর সেই ছবি ঘিরেই নতুন করে শুরু হয়েছে দু’জনের ডেটিংয়ের জল্পনা। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ওই ছবিতে অর্জুনকে ট্যাগ করে একসঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে তাঁদের।
ছবির পাশাপাশি সাহিবার লেখা ক্যাপশনই সবচেয়ে বেশি নজর কেড়েছে নেটিজেনদের। অর্জুনের উদ্দেশে তিনি লিখেছেন, “ওর ভাগের প্রসাদটুকুও আমিই খেয়ে নিয়েছি। হ্যাপি গুরুপুরব।” এই পোস্ট দেখেই অনুরাগীদের একাংশের ধারণা, সাহিবা ও অর্জুন সত্যিই সম্পর্কে রয়েছেন এবং এই পোস্টের মাধ্যমেই তাঁরা তাঁদের সম্পর্কের ‘সফট লঞ্চ’ সারলেন।
সাহিবার সাম্প্রতিক এই ইনস্টাগ্রাম স্টোরি তাঁদের প্রেমের গুঞ্জনকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এর আগে গত ১৯ জুলাই লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ম্যাচের ছবি ও ভিডিওতে গ্যালারিতে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল অর্জুন ও সাহিবাকে।
সোশাল মিডিয়ায় তাঁদের খুনসুটিও এর আগে নজর কেড়েছিল। অর্জুনের জন্মদিনে তাঁর একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সাহিবা লিখেছিলেন, “সবার বেস্টিকে জন্মদিনের শুভেচ্ছা। আর ওজন কমিয়ো না, এবার একটু কেক খাও।” জবাবে অর্জুন লিখেছিলেন, “তুমি এসে যোগ দেবে, সেই অপেক্ষায় আছি।” অর্জুনের সেই উত্তর ঘিরেও তখন জোর জল্পনা ছড়িয়েছিল।
লর্ডস ম্যাচের ছবি ভাইরাল হওয়ার পর অবশ্য রসিকতার ছলে গুঞ্জনে জল ঢালার চেষ্টা করেছিলেন সাহিবা। সে সময় দু’টি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন তিনি। প্রথমটিতে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার ও ব্রায়ান লারার সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, “সবকিছু বিশ্বাস করবেন না… পার্ট ১।” পরের স্টোরিতে অর্জুনের সঙ্গে ছবি দিয়ে ক্যাপশন দেন, “সবকিছু বিশ্বাস করবেন না… পার্ট ২।” পরবর্তীতে একটি পোস্টে সরাসরি মিডিয়ার উদ্দেশে তিনি লেখেন, লন্ডনে তাঁর ডেটিং জীবন নিয়ে গুজব ছড়ানো বন্ধ হোক, এটি কোনও জাতীয় খবর নয়। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছিলেন, অর্জুনের সঙ্গে তিনি সম্পর্কে নেই।
সাহিবার পোস্ট—
প্রসঙ্গত, অর্জুন কাপুরের আগে কমেডিয়ান সময় রায়নার সঙ্গেও সাহিবার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ইউটিউবে তাঁদের একসঙ্গে কাজ ও সহজ রসায়ন দেখে অনেকেই তেমন অনুমান করেছিলেন। এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটর কুল্লুর সঙ্গে নাম জড়ানোয় সেই জল্পনাও আগে নস্যাৎ করেছিলেন সাহিবা।
সাহিবা বালি একাধারে অভিনেত্রী, টেলিভিশন সঞ্চালক এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং ক্রীড়া বিষয়ক ডিজিটাল কনটেন্টে কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘লায়লা মজনু’, ‘বার্ড অফ ব্লাড’, ‘তানাভ’ এবং ‘অমর সিং চমকিলা’।
এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের শুরু এবং ২০১৯ সালে তা প্রকাশ্যে আনেন তাঁরা। প্রায় ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে বিচ্ছেদ হয় এই জুটির। ২০২৪ সালের অক্টোবরে একটি অনুষ্ঠানে নিজেকে ‘সিঙ্গেল’ বলে ঘোষণা করেছিলেন অর্জুন। মালাইকার আগে কৈশোরে সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা শোনা গিয়েছিল।