Bhumi Pednekar: ট্রোলিংয়ের জেরে ‘দ্য রয়্যালস’ সিজন ২ থেকে কি বাদ পড়লেন ভূমি?

Bhumi Pednekar reportedly leaves Netflix's The Royals Season 2 as the show moves towards family politics over romance: ট্রোলিংয়ের ধাক্কা নাকি গল্পের দাবি? নেটফ্লিক্সের 'দ্য রয়্যালস' সিজন ২ থেকে বাদ পড়লেন ভূমি পেডনেকর। জেনে নিন পর্দার পিছনের আসল কারণ।

Bhumi Pednekar: ট্রোলিংয়ের জেরে ‘দ্য রয়্যালস’ সিজন ২ থেকে কি বাদ পড়লেন ভূমি?
প্রোডাকশন হাউসের সঙ্গে বিবাদ?

May 11, 2026 | 8:43 AM

বারবার বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar), তবে এবার জল গড়িয়েছে অনেকটা দূর। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য রয়্যালস’-এর প্রথম সিজন নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকলেও, ভূমির লুক এবং অভিনয় নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিংয়ের বন্যা বয়ে গিয়েছিল। এবার খবর এল, সিরিজের দ্বিতীয় সিজনে আর দেখা যাবে না এই অভিনেত্রীকে। আচমকা এই বিদায়ে বলি-পাড়ায় এখন কানাঘুষো তুঙ্গে—তবে কি নেতিবাচক মন্তব্যের জেরেই এই প্রস্থান?

আসলে বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, ঠিক ততটাও নয়। সূত্রের খবর, দ্বিতীয় সিজনে গল্পের অভিমুখ সম্পূর্ণ বদলে যাচ্ছে। প্রথম সিজনে ঈশান খট্টরের সঙ্গে ভূমির রোম্যান্স বড় জায়গা জুড়ে থাকলেও, পরের পর্বে নির্মাতারা রাজপরিবারের অন্দরের রাজনীতি এবং পারিবারিক জটিলতাকে বেশি গুরুত্ব দিতে চাইছেন। ফলে চিত্রনাট্যের প্রয়োজনে ভূমির চরিত্রটিকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রোডাকশন হাউসের সঙ্গে অভিনেত্রীর কোনও বিবাদ হয়নি; বরং গল্পের খাতিরেই এই ‘অর্গানিক’ বিচ্ছেদ।

নিজের অভিনয় জীবনের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ভূমি। একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সিজন ১-এর সময় হওয়া ব্যক্তিগত আক্রমণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। চারপাশের নেতিবাচক শব্দগুলো এতটাই জোরালো ছিল যে তিনি নিজের সৃজনশীল সত্ত্বাকেই হারিয়ে ফেলছিলেন। সেই সময় কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোর্স করা থেকে শুরু করে নিজের মিনারেল ওয়াটার ব্র্যান্ড লঞ্চ করা-সব মিলিয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী।

তবে ভক্তদের জন্য সুখবরও আছে। ‘দ্য রয়্যালস’ ছাড়লেও ভূমির হাতে এখন একগুচ্ছ কাজ। ইয়ামি গৌতম অভিনীত ‘হক’-এর নির্মাতাদের সঙ্গে একটি ডার্ক কোর্টরুম ড্রামায় কাজ করার কথা চলছে তাঁর। এছাড়া দীর্ঘ বিরতির পর অভিনেতা ইমরান খানের কামব্যাক ছবিতেও তাঁর বিপরীতে দেখা যেতে পারে ভূমিকে। পাশাপাশি ‘দলদল ২’-এর মতো অ্যাকশন-প্যাকড প্রজেক্ট নিয়ে ফিরছেন তিনি।

নেটফ্লিক্সের এই রাজকীয় ড্রামায় জিনাত আমান, সাক্ষী তানওয়ারদের মতো তারকারা থাকলেও, ভূমির অনুপস্থিতি দর্শক কতটা মেনে নেয়, সেটাই এখন দেখার। আপাতত বলি-সুন্দরী নিজেকে প্রমাণ করতে চাইছেন ভিন্ন স্বাদের সব চরিত্রে, যেখানে গ্ল্যামারের চেয়ে ডার্ক কন্টেন্টই তাঁর প্রধান অস্ত্র।

Follow Us