Bigg Boss Bangla: জয়িতার মন পেতেই কি খাট দখলের লড়াই করলেন রাজবীর? বন্ধুত্ব, গভীর প্রেম নাকি….

Rajveer Joyita: মনামীর খাট দখল থেকে ক্যাপ্টেন্সির চাবি জয়িতাকে দেওয়ার প্রতিশ্রুতি, বিগ বসের ঘরে রাজবীর দে-র এই কাণ্ড দেখে দর্শকরা ধাঁধায়, এটা শুধুই প্রেম, নিখাদ বন্ধুত্ব নাকি চতুর গেম প্ল্যান?

Bigg Boss Bangla: জয়িতার মন পেতেই কি খাট দখলের লড়াই করলেন রাজবীর? বন্ধুত্ব, গভীর প্রেম নাকি....
কী ঘটেছে বিগ বসের ঘরে?

Sep 09, 2026 | 8:23 AM

রাজবীর দে (Rajveer Dey) বিগ বসের ঘরে পা রাখা মাত্রই যেন ঝড় উঠেছে। তবে সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে এখন কি শুধুই জয়িতা? প্রথম থেকেই রাজবীরকে কখনও সৃজলা, আবার কখনও আলেকজান্দ্রিয়ার সঙ্গে হালকা খুনসুটি ও ফ্লার্ট করতে দেখা গিয়েছে। কিন্তু খেলা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে তাঁর জয়িতা-প্রীতি। দুর্নিবারের সঙ্গে জয়িতার ঝামেলা হোক কিংবা ঘরের যে কোনও সমস্যা, ঢাল হয়ে সবার আগে দাঁড়িয়ে পড়ছেন শিলিগুড়ির এই সুপুরুষ তারকা। এই দৃশ্য দেখে এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি সত্যিই জয়িতার প্রেমে পড়লেন রাজবীর? নাকি পুরো বিষয়টাই বিগ বসের ট্রফি জেতার আগাম ছক?

সবার চোখ ছানাবড়া হয়ে যায় মনামী ঘোষের বিছানা কাড়ার ঘটনায়। মনামীর আগে থেকে ঠিক করে রাখা সিঙ্গেল খাটটি জোর করে দখল করে নেন রাজবীর। শুরু হয় তুমুল চেঁচামেচি ও অশান্তি। কিন্তু চমকপ্রদ বিষয় হল, খাট ছাড়ার জন্য রাজবীর ঘরের বাকিদের সামনে এমন এক শর্ত রাখলেন, যা শুনে সবাই হাঁ! তিনি স্পষ্ট জানিয়ে দেন, “তোমরা সবাই কথা দাও যে জয়িতাকে কেউ টার্গেট করবে না, তবেই আমি এই বিছানা ছাড়ব।” পুরো ঘরের বিপরীতে দাঁড়িয়ে একজন মহিলার পাশে এভাবে দাঁড়িয়ে লড়াই করার সাহস দেখে জয়িতাও বেজায় খুশি। এখানেই শেষ নয়, রাজবীর জয়িতাকে গোপনে বলেন তিনি ক্যাপ্টেন্সির চাবি হাতে পেলে তুলে দেবেন জয়িতার হাতেই।

এদিকে ঘরের বাকি সদস্যদের সঙ্গে রাজবীরের সংঘাত এখন চরমে। ক্যাপ্টেন্সি টাস্কে গ্রামের মোড়ল সেজে তিনি যখন নিজের নিয়ম চালাচ্ছিলেন, তখন তনুশ্রী ও নিরঞ্জনরা ক্ষোভে ফেটে পড়েন। ঘরের সবাইকে ‘ভেড়া’ এবং ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে কটাক্ষ করতেই আসরে নামেন শান্ত স্বভাবের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সায়ক। তবে বাইরে দর্শকদের কিন্তু এই ড্রামা দারুণ পছন্দ হচ্ছে। অনেকের মতেই, ঘরে এতদিন যে সাজানো গোছানো শান্তি ছিল, রাজবীর এসে সেটা এক নিমেষে ভেঙে আসল লড়াইয়ের মেজাজ ফিরিয়ে এনেছেন।

এখন দেখার বিষয় একটাই। জয়িতার প্রতি রাজবীরের এই টান কি শুধুই মন থেকে ভালোলাগা, নাকি ঘরের ভেতর নিজের দিকে সমর্থন টেনে নেওয়ার চতুর চাল? সময় আর বিগ বসের ক্যামেরাই দেবে সেই আসল উত্তর।

Loading...
Unable to load recommendations.
Follow Us