Bigg Boss Bangla: মনামীকে ‘কলার খোসা’ বলতেই ঝিলমের সঙ্গে তুলকালাম! কেঁদে ভাসালেন ঝিলম, কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bengali Reality Show: বিগ বসের অন্দরে রসিকতা বদলে গেল চোখের জলে! মনামীর পোশাক নিয়ে ঝিলমের মজার মন্তব্য ঘিরে তুমুল অশান্তি। অভিনেত্রীর ধমকে কেঁদে ভাসালেন ঝিলম, প্রকাশ্যে এল ছেলেবেলার বুলিংয়ের ট্রমা।

Bigg Boss Bangla: মনামীকে কলার খোসা বলতেই ঝিলমের সঙ্গে তুলকালাম! কেঁদে ভাসালেন ঝিলম, কী ঘটেছে বিগ বসের ঘরে?
কী ঘটেছে বিগ বসের ঘরে?Image Credit source: youtube

Sep 04, 2026 | 8:24 AM

হাসি-মজা দিয়ে শুরু একটি ঘটনা, আর তার শেষ হল একেবারে চোখের জলে! বিগ বসের ঘরে বিনোদন আর বিতর্কের পারদ যে কখন চড়চড় করে উঠবে, তা আগে থেকে আঁচ করা সত্যিই দায়। সম্প্রতি তেমনই এক ঘটনায় উত্তাল হয়ে উঠল চার দেওয়ালের অন্দরমহল। কেন্দ্রে অভিনেত্রী মনামী ঘোষ এবং কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত।

ঘটনার সূত্রপাত নেহাতই মস্করা থেকে। ঘরের সদস্যদের নিয়ে মজার ছলে মন্তব্য করছিলেন ঝিলম সঙ্গে ছিলেন দুর্নিবারও। ভরত কলকে দেখে তিনি সটান দুর্নিবারকে বলে বসেন, ভরত কলকে তাঁর তেলের কৌটোর মতো লাগছে! ঝিলমের কথায় মজা পান ভরত কলও। এর পরেই তাঁর নজর যায় মনামীর সাজপোশাকের দিকে। একগাল হেসে ঝিলাম বলেন, ‘মনামীদিকে দেখে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর বিদেশ থেকে আসা কলার খোসা খুলে স্কার্ট হিসেবে পরে নিয়েছে!’ এই রসিকতায় তখন বিগ বসের ঘরে হাসির রোল। প্রথমে পরিস্থিতি বেশ হালকা মেজাজেই নেন মনামী নিজেও। ঝিলমের কথায় সায় দিয়ে তিনি পাল্টা বলেন, তাঁর টপটা কলার মতো আর স্কার্টটা যেন খোসার মতো।

কিন্তু তাল কাটল এর কিছুক্ষণ পরেই। মজার আবহ উবে যেতেই হঠাৎ সুর বদলান মনামী। বিষয়টি যে তাঁর একেবারেই পছন্দ হয়নি, তা সটান বুঝিয়ে দেন। সোজা গিয়ে ঝিলমের ওপর ক্ষোভ উগরে দিয়ে কড়া গলায় সতর্ক করেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দেন, ‘এসব ফালতু মজা আমার সঙ্গে করবেন না!’ মনামীর এই অপ্রত্যাশিত আচরণেই একেবারে ভেঙে পড়েন ঝিলম। ঘটনা ঘটার সময়ে হাসিমুখে মেনে নিয়ে, পরে এমন আক্রমণাত্মক মনোভাব দেখানোটা একেবারেই ভালো লাগেনি তাঁর। অপমানে কেঁদে ফেলেন তিনি।

এর পরেই সৃজলা ও সোনামণির কাছে গিয়ে মনের কথা বলেন ঝিলাম। সৃজলা অবশ্য পুরোপুরি ঝিলামের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সাফ কথা, ‘তোমার কাউকে কলার খোসা মনে হলে তুমি কলার খোসা বলবে!’ কথা বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন ঝিলম। সৃজলাদের কাছে ফাঁস করেন নিজের ছেলেবেলার কষ্টের কথা। জানান, ছোট থেকেই নানা সময়ে বুলিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। ছোটবেলা থেকে মনামীকে পর্দায় অভিনয় করতে দেখে বড় হয়েছেন তিনি, মনের ভেতর আলাদা জায়গা ছিল। তাই সেই মানুষটির কাছ থেকেই এমন তীব্র আঘাত পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারেননি ঝিলম।

Loading...
Unable to load recommendations.
Follow Us