
রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র অন্দরমহলে প্রেম, অভিমান আর বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন নন্দিনী দত্ত এবং রাজবীর। শো চলাকালীন তাঁদের রসায়ন যেমন দর্শকদের নজর কেড়েছিল, তেমনই রাজবীরকে মারধর করার ঘটনায় চরম বিতর্কের মুখেও পড়তে হয়েছিল নন্দিনীকে। তবে বিতর্কের আড়ালেও তাঁদের গভীর ঘনিষ্ঠতা কারও নজর এড়ায়নি— এমনকী, ঘরের ভেতরে নন্দিনীকে আদর করে ‘বউ বউ’ বলেও সম্বোধন করতে শোনা গিয়েছিল রাজবীরকে। কিন্তু কোনও নমিনেশন ছাড়াই মাঝপথে হঠাৎ শো থেকে ‘এভিক্টেড’ হতে হয় নন্দিনীকে। তাঁর এই আকস্মিক বিদায়ে ঘরের ভেতরে রীতিমতো ভেঙে পড়েছিলেন রাজবীর, আর বাইরে এসে রাজবীরকে ভীষণভাবে মিস করছেন নন্দিনীও।
নন্দিনীর প্রস্থানের পর থেকেই টলিপাড়া ও নেটপাড়ায় নতুন এক গুঞ্জন জোরালো হয়েছে— ‘বিগ বস’ শেষ হলেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নন্দিনী ও রাজবীর! অবশেষে এই বিয়ের জল্পনা এবং তাঁদের সম্পর্ককে ঘিরে ওঠা নানা প্রশ্নের জবাবে নীরবতা ভাঙলেন নন্দিনী।
সম্প্রতি টেলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজবীরের ‘বউ’ সম্বোধন এবং বিয়ের প্রসঙ্গ উঠতেই নন্দিনী সাফ জানান, “ওসব একেবারেই ইয়ার্কি মেরে বলেছে। কথায় কথায় সবাই যেমন বলে, ওভাবেই বলেছে। ও আগে বিগ বস থেকে ফিরে আসুক। এখনই এসব নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। আসলে এই বিষয়গুলো তো খুবই সিরিয়াস ব্যাপার।”
শুধু বিয়েই নয়, রিয়ালিটি শো-এর খাতিরে তাঁদের এই প্রেম ‘ফেক’ বা লোকদেখানো কি না, তা নিয়েও সোশাল মিডিয়ায় কম কাটাছেঁড়া হচ্ছে না। সেই ক্ষোভ উগরে দিয়ে নন্দিনী বলেন, “মানুষ আমাকে অনেক প্রশ্ন করেছে যে এই ভালোবাসা বা সম্পর্কটা ফেক কি না। আমাদের সম্পর্কটা নিয়ে রীতিমতো কাটাছেঁড়া করা হচ্ছে— আমরা রিয়্যালিটি শোয়ে করেছি, কেবল দেখানোর জন্য করেছি কি না! রাজবীর ফিরে না আসা পর্যন্ত আমি এসব নিয়ে আর কিছুই বলব না। আমাদের বিয়ে হবে কি না, তার আসল উত্তর রাজবীর নিজেই দেবে।”
নন্দিনীর এই স্পষ্টবাক মন্তব্যের পর এখন দর্শকদের নজর রাজবীরের ফাইনাল থেকে বেরিয়ে আসার দিকে। শো-এর বাইরে তাঁদের এই সমীকরণ শেষ পর্যন্ত ছাদনাতলা পর্যন্ত গড়ায় কি না, তার উত্তর দেবে সময়ই।