
‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে এবার রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। ক্যামেরার সামনেই উঠে এল এক বিস্ফোরক অভিযোগ। নিশানা খোদ জীতু কমল! আর অভিযোগের তির অনুষ্কা ঘোষের দিকে। বিগ বসের ঘরে জীতুকে নাকি দেখলেই চোখ মারছেন, ‘কু-ইঙ্গিত’ করছেন অনুষ্কা। আর একে সরাসরি ‘ইভটিজিং’ বলে দাবি করেছেন সৃজলা গুহ। শুধু তাই নয়, ঝামেলার পারদ চড়তেই সৃজলাকে কেরিয়ার ধ্বংসকারী বলেও তোপ দেগেছেন অনুষ্কা। সব মিলিয়ে বিগ বসের অন্দরমহল এখন উত্তপ্ত।
ঘটনার সূত্রপাত ড্রয়িং রুমের একটি দৃশ্য থেকে। ক্যামেরায় দেখা গিয়েছে, কাউচে আধশোয়া অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন সৃজলা। সামনে দাঁড়িয়ে জীতু। কথার ফাঁকেই সৃজলা সরাসরি জীতুকে প্রশ্ন করেন, অনুষ্কা যেভাবে তাঁর সঙ্গে কথা বলেন, সেটা কি তাঁর খারাপ লাগে না? জীতুও স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আচরণ তাঁর একেবারেই পছন্দ নয়। এরপরই সৃজলা দাবি করেন, অনুষ্কা নাকি জীতুকে দেখলেই নানা ধরনের ‘কুইঙ্গিত’ করেন। সৃজলার মতে, অনুষ্কার হাবভাব একেবারে ‘ইভটিজার’-দের মতো।
জল অবশ্য এখানেই থেমে থাকেনি। অনুষ্কাকে ডেকে সৃজলা নিজেই প্রশ্ন করেন, কেন তিনি জীতুর সঙ্গে এমন আচরণ করছেন। অনুষ্কা গোটা বিষয়টিকে নেহাতই ‘মজা’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরে অনুষ্কা আলাদাভাবে জীতুর কাছে গিয়ে জানতে চান, তিনিই সৃজলাকে এসব বলতে বলেছেন কি না। অভিনেতা বলেন তিনি সৃজলাকে কিছু বলতে বলেননি। তবে তিনি স্পষ্ট জানান, অনুষ্কার এমন আচরণ তাঁর মোটেও ভাল লাগে না।
এরপরেই সৃজলা আর অনুষ্কার মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। আর সেই চরম ঝামেলার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসেন অনুষ্কা। সৃজলাকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, কারও কেরিয়ার নষ্ট করার জন্য সৃজলা অনেক দূর পর্যন্ত যেতে পারেন। অনুষ্কার এই মন্তব্যের পরেই শোয়ের পারদ আরও চড়ে যায়।
গত ৩০ আগস্ট থেকে সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। ইতিমধ্যেই শো ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন রাজবীর দে এবং জীতু কমল। সদ্য গেমে প্রবেশ করেছেন অনুষ্কাও। ইতিমধ্যেই খেলা থেকে বিদায় নিয়েছেন জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী, সোহিনী পাল। রবিবারের পর্বে অবশ্য কেউই বাদ যাননি। তবে অনুষ্কা ও সৃজলার এই কাদা ছোঁড়াছুঁড়ি আগামী দিনে বিগ বসের ঘরে নতুন কোনও সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার।