
সঙ্গীতের জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সুরকার এবং গায়ক (Music Composer and Singer) বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পিটিআই সূত্রে খবর, বুধবার মুম্বইয়ের CritiCare হাসপাতালে (Mumbai’s CritiCare Hospital) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পিটিআই সূত্রে আরও খবর, মুম্বইয়ের ওই হাসপাতালের ডিরেক্টর ডক্টর দীপক নমযোশি জানিয়েছেন, একমাসের উপর হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ি। গত সোমবার হাসপাতাল থেকে ছুটি হয়েছিল তাঁর। কিন্তু তারপরেই ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার লাহিড়ি পরিবারের তরফে তাঁদের বাড়িতেই ডেকে পাঠানো হয় চিকিৎসককে। এরপর ফের হাসপাতালে নিয়ে আসা হয় বাপ্পি লাহিড়িকে। ডাক্তার নমযোশি জানিয়েছেন, একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। ডাক্তার নমযোশি আরও জানিয়েছেন যে, মধ্যরাতে কিছু সময় আগে OSA (obstructive sleep apnea)- এর কারণেই মৃত্যু হয়েছে বাপ্পি লাহিড়ির।
গতবছর, এপ্রিল মাস নাগাদ কোভিড আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সেই সময় মুবইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে জলদিই হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যান তিনি। সেই সময় লাহিড়ি পরিবার থেকে বলা হয়েছিল, যাঁরা বাপ্পি লাহিড়ির সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন। এর পর সেপ্টেম্বর মাসে ফের শিরোনামে আসেন প্রবাদপ্রতিম এই সুরকার এবং গায়ক। শোনা যায়, কণ্ঠস্বর হারিয়েছেন সকলের প্রিয় বাপ্পি দা। যদিও এইসব গুজব নস্যাৎ করে দেন ডিস্কো কিং স্বয়ং। বিবৃতি দিয়ে জানান এই খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি সুস্থই রয়েছেন। সেই সঙ্গে বাপ্পি দা এও বলেছিলেন যে তাঁর সম্পর্কে এ ধরনের ভুয়ো খবর রটায় অত্যন্ত বিরক্ত হয়েছেন তিনি।
বলিউডে ডিস্কো মিউজিকের প্রচলন এবং তার রমরমা হয়েছিল বাপ্পি লাহিড়ির হাত ধরেই। ৮০ এবং ৯০- এর দশকের সেইসব ডিস্কো সং আজও সমানভাবে জনপ্রিয়। জেনারেশন ওয়াইয়ের পার্টিতেও আজকালকার পেপি নাম্বারের সঙ্গে সমান ভাবে জায়গা করে নেয় বাপ্পি দার সুর করা এবং গাওয়া ডিস্কো মিউজিকগুলি। ২০০৩ সালে ‘বাগি ৩’ ছবিতে শেষ কাজ করেছিলেন তিনি। দিলদরিয়া মানুষ হিসেবেও বলিউডের অন্তরমহলে জনপ্রিয় ছিলেন সকলের প্রিয় বাপ্পি দা। শুধুমাত্র ডিস্কো সং নয়, সোনার গয়না পড়ার জন্যেও বেশ চর্চায় থাকতেন তিনি। রাজনীতিতেও পা রেখেছিলেন বাপ্পি দা। হুগলির শ্রীরামপুর থেকে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।
জনপ্রিয় সুরকার এবং গায়কের এ হেন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।
আরও পড়ুন- Sandhya Mukhopadhyay Death: চলে গেলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গীতজগৎ আজ ‘মাতৃহারা’