
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে পুনর্গঠন করা হল ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ (CBFC) বা কেন্দ্রীয় সেন্সর বোর্ড। আর বোর্ডের নতুন সদস্য তালিকায় চমক হিসেবে উঠে এসেছে বিনোদন জগতের একাধিক দিকপাল ব্যক্তিত্বের নাম। তালিকায় রয়েছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠি, রূপালী গঙ্গোপাধ্যায় এবং পল্লবী জোশীর মতো জনপ্রিয় তারকারা। টিভি নাইন বাংলাকে প্রসেনজিৎ জানিয়েছেন, ”আমি একটু আগেই পেয়েছি খবরটা। আমি গর্বিত, আনন্দিত সবার জন্য। আমার কাজের জন্য।”
সিনেমাটোগ্রাফ অ্যাক্টের আওতায় অর্পিত ক্ষমতা বলে মোট ১৮ সদস্যের এই নতুন বোর্ড গঠন করেছে কেন্দ্র। আগামী তিন বছর কিংবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ১৮ সদস্যের কমিটিই কেন্দ্রীয় সেন্সর বোর্ডের সমস্ত দায়িত্ব সামলাবেন। এই বোর্ড ভারতে মুক্তি পাওয়া সমস্ত চলচ্চিত্রের মূল্যায়ন করে এবং তা সব ধরনের মানুষের দেখার উপযোগী কি না, সেই অনুযায়ী শংসাপত্র (Certificate) দেয়।
In exercise of the powers conferred under Cinematograph Act the Central Government has reconstituted the Central Board of Film Certification @shashidigital https://t.co/cjY2lyhCIP
— CBFC केंद्रीय फिल्म प्रमाणन बोर्ड (@CBFC_Bharat) September 16, 2026
বিনোদন জগত ছাড়াও সংস্কৃতি ও সুরলোকের বেশ কিছু খ্যাতনামা ব্যক্তি জায়গা করে নিয়েছেন এই নতুন কমিটিতে। তালিকায় থাকা অন্যান্য সদস্যরা হলেন বিনোদ অনুপম, মনোজ জোশী, অভিষেক জৈন, প্রখ্যাত সঙ্গীত পরিচালক রিকি কেজ, চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন, প্রখ্যাত গায়ক হন্সরাজ হন্স, সুপ্রিয়া ইয়ারলাগড্ডা, যতীন্দ্র মিশ্র, নীল মাধব পণ্ডা, নিশিন্ধা ওয়াদ, ওয়ামন কেন্দ্র এবং রমেশ পতঙ্গের মতো ব্যক্তিত্বরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট অভিনেতার অন্তর্ভুক্তিতে টলিউড তথা ভারতীয় চলচ্চিত্রে সেন্সরশিপের রূপরেখায় নতুন বার্তা যাবে বলেই মনে করছেন সিনেমহল।
বাংলা চলচ্চিত্রের চার দশকের অভিভাবক, ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুকুটে যুক্ত হলো আরও এক নতুন পালক। সদ্য মে মাসেই ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্মানিত হয়েছেন মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মানে। আর এবার তিনি জায়গা করে নিলেন ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ (CBFC) বা কেন্দ্রীয় সেন্সর বোর্ডের নতুন সদস্য হিসেবে।
বাংলা ছবির এক সংকটময় মুহূর্তে প্রায় একার কাঁধেই সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। দীর্ঘ চার দশকের বর্ণময় কর্মজীবনে অভিনয় করেছেন সাড়ে তিনশোরও বেশি চলচ্চিত্রে। গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রকে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভিন্নধর্মী শিল্পধর্মী ছবিতে নিজেকে ভেঙে গড়া—প্রতিটি ক্ষেত্রেই তাঁর নেতৃত্ব ছিল অতুলনীয়। বহু চড়াই-উতরাই পেরিয়ে টলিউডকে মূলধারায় টিকিয়ে রাখতে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে একজন অভিভাবকের মতো ভূমিকা পালন করেছেন তিনি।
পদ্ম সম্মান লাভের পর দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র নিয়ামক সংস্থা বা সেন্সর বোর্ডের বোর্ডে তাঁর এই অন্তর্ভুক্তি কেবল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং সামগ্রিক বাংলা বিনোদন জগতের জন্যই এক বিরাট বড় সম্মান।