
স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে কলহ, ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা, এসব বিতর্ক পেরিয়ে ইতিমধ্যেই দেবলীনা নন্দী নিজেকে ফের নতুন করে সাজিয়ে নিয়েছেন। তার উপর রানা সরকারের প্রযোজনায় মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে প্লেব্যাক করার কথা তাঁর। যখন অনুরাগীরা মনে করছিলেন দেবলীনা সব অন্ধকার কাটিয়ে আলোর পথে ফিরছেন, ঠিক তখনই তাঁর একটি ফেসবুক পোস্ট নতুন করে জল্পনা উস্কে দিল। তবে কি ফের একাকীত্ব আর বিশ্বাসঘাতকতা ঘিরে ধরছে গায়িকাকে?
কী লিখেছেন সোশাল মিডিয়া সেনসেশন দেবলীনা?
দেবলীনা তাঁর পোস্টে লিখেছেন যে, আজকের দিনে সত্যিকারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তাঁর কথায়, প্রকৃত বন্ধু সেই যে সাহায্য করার পর বারবার খোঁটা দেয় না বা বাইরের লোকের কাছে বদনাম করে না। নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, “আমার দুর্ভাগ্য এই যে এইরূপ প্রকৃত বন্ধু আমার কেউ নেই। যে বা যারা আছে বেশিরভাগ লোক দেখানো, মহান সাজার জন্য সবার কাছে।”
গায়িকার অভিযোগ আরও গভীর। তিনি জানান, তাঁর খারাপ সময়ে পাশে থাকার নাটক করে অনেকে উল্টে তাঁকে আরও বিপদে ফেলেছেন। দেবলীনা লিখেছেন, “আমার খারাপ সময়ে আরও আমাকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়ার মতো কাজ করেও ভুল কখনও বুঝতে পারে না বা মানেও না।” এমনকি নিজের সুবিধা মতো স্বার্থপরের মতো আচরণ করা লোকেদের ‘বন্ধু’ বলতেও এখন তাঁর আপত্তি।
কেরিয়ারের দিক থেকে দেবলীনা এখন অনেকটা স্থিতিশীল। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে গান গাওয়ার সুযোগ পাওয়া যে কোনও গায়িকার কাছেই বড় প্রাপ্তি। কিন্তু মনের গভীরে জমে থাকা এই ক্ষত কি তাঁর নতুন কাজকে প্রভাবিত করবে? সেই প্রশ্নই এখন তাঁর শুভাকাঙ্ক্ষীদের মনে।
দেবলীনার এই পোস্ট স্পষ্ট করে দিল যে, গ্ল্যামার দুনিয়ার বাইরেও এমন কিছু মানুষ থাকেন যারা বিপদের দিনে ‘বন্ধু’ সেজে আদতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। গায়িকা এখন সেই সব ‘বিষাক্ত’ সম্পর্কগুলো থেকেই সম্ভবত দূরে থাকতে চাইছেন।