
ঠিক এক বছর আগে আজকের দিনেই, অর্থাৎ ২৪ নভেম্বর অগণিত অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সে প্রয়াত এই অভিনেতা তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। মঙ্গলবার প্রয়াত স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা ও একগুচ্ছ পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী।
১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। এদিন সোশাল মিডিয়ায় স্মৃতিমেদুর পোস্টের শুরুতেই হেমা লেখেন, “দেখতে দেখতে গোটা একটা বছর কেটে গেল, কিন্তু আমার শোকের তীব্রতা এতটুকু কমেনি। এমন এক মানুষের অপূরণীয় ও বিশাল শূন্যতা নিয়ে আমি শোকাহত, যিনি শুধু আমার স্বামী ছিলেন না। তিনি ছিলেন আমার সবকিছু— আমার বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, আমার মেরুদণ্ড এবং সংক্ষেপে বলতে গেলে আমার গোটা অস্তিত্ব।”
ধর্মেন্দ্রর ব্যক্তিত্ব ও মানবিক গুণের কথা তুলে ধরে হেমা মালিনী আরও লেখেন, “তাঁকে ছাড়া জীবনটা বড্ড শূন্য মনে হয়। তাঁর বিশাল ব্যক্তিত্ব, তাঁর অন্তরের সহজাত সারল্য এবং পরিচিত সকলের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে এক অনন্য মানুষ করে তুলেছিল। সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও তিনি সবসময় মাটির কাছাকাছি ছিলেন এবং নিজের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।”
পোস্টের শেষে ভগবদ্গীতার উল্লেখ করে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের ধন্যবাদ জানিয়ে হেমা লেখেন, “ভগবদ্গীতা আমাদের বলে যে আত্মা অমর এবং তার পুনর্জন্ম হয়। আমি এটা জানি, কিন্তু আমি তো এখনও এই জীবনেই রয়ে গিয়েছি, আর তাই তাঁর স্নেহময় উপস্থিতি অনুভব না করে থাকতে পারি না। যে লক্ষ লক্ষ অনুরাগী এই উদার ও অসাধারণ মানুষটিকে মনে রেখেছেন এবং ধরমজি তাঁদের জীবনে কী ছিলেন তা জানিয়ে এত উষ্ণ বার্তা পাঠিয়েছেন, তাঁদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ।”