
গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মাত্র ২১ দিনে ভারতে ১০৪১ কোটি এবং বিশ্বজুড়ে প্রায় ১৬৫৩ কোটি টাকার ব্যবসা করে এই ছবি এখন বলিউডের অন্যতম সফল মাইলফলক। তবে যারা ভিড় এড়িয়ে ড্রয়িংরুমে বসে ছবিটি দেখতে চেয়েছিলেন, তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে।
সাধারণত বড় বাজেটের বলিউড ছবি মানেই ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের নাম উঠে আসে। কিন্তু ‘ধুরন্ধর ২’ সেই পথে হাঁটছে না। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রণবীর সিংয়ের এই মেগা-হিট সিনেমাটি দেখা যাবে জিও হটস্টার (JioHotstar) প্ল্যাটফর্মে। মোটা অঙ্কের বিনিময়ে এই ছবির স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। সূত্রের খবর, এখনই ওটিটিতে আসছে না এই ছবি। আইপিএল-এর উন্মাদনা শেষ হওয়ার পরই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। যদিও নির্মাতাদের তরফে নির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের শুরুতে দর্শকরা ঘরে বসে ছবিটি উপভোগ করতে পারবেন।
পরিচালক আদিত্য ধরের নিপুণ ভাবনায় এই ছবিতে ‘হামজা আলি’র চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় নতুন করে চর্চার জন্ম দিয়েছে। তাঁর মারকাটারি অ্যাকশন থেকে শুরু করে সারা অর্জুন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের বলিষ্ঠ উপস্থিতি— প্রতিটি চরিত্রই দর্শকদের মনে গেঁথে গিয়েছে। প্রেক্ষাগৃহে যারা রণবীরের এই ধুরন্ধর অবতার মিস করেছেন, তাঁদের জন্য জুন মাসের শুরুটা যে বেশ রোমাঞ্চকর হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন শুধু অফিসিয়াল তারিখ ঘোষণার অপেক্ষা!