
বলিউডের অন্দরে ফের নতুন বিতর্কের আঁচ! এবার সোশাল মিডিয়ায় একটি অত্যন্ত কড়া ও ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী দিয়া মির্জা। কারও সঙ্গে কাজ করার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি সরাসরি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সেই পোস্টে ট্যাগ করেছেন। যদিও এই তীব্র ক্ষোভ নওয়াজউদ্দিনের উদ্দেশেই কি না, নাকি কোনও প্রোজেক্টে তৃতীয় কোনও ব্যক্তির জন্য দু’জনেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন— তা স্পষ্ট করেননি দিয়া। তবে ঘটনার ঠিক পরেই নওয়াজউদ্দিনের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ঠিক কী লিখেছেন দিয়া মির্জা?
নিজের ইনস্টাগ্রাম পোস্টে দিয়া লিখেছেন, “কাজ করা দুঃস্বপ্নের মতো ! না কথা বলার তমিজ আছে, আর অ্যাটিটিউড তো অন্য লেভেলের! একেবারে আপত্তিকর চরিত্র ।” এই বিস্ফোরক লাইনগুলোর সঙ্গেই তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ট্যাগ করেছেন।
পোস্টের ভাষা ও নওয়াজউদ্দিনকে ট্যাগ করার বিষয়টি সামনে আসতেই অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, দিয়া হয়তো নওয়াজউদ্দিনকেই নিশানা করেছেন। তবে ক্যাপশনে সরাসরি নওয়াজের নাম না নেওয়ায় বা কোনও প্রেক্ষাপট উল্লেখ না করায় অন্য একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না— হতে পারে, একসঙ্গে কাজ করতে গিয়ে সেটে অন্য কারও দুর্ব্যবহারের শিকার হয়েছেন এই দুই তারকা।
দিয়া মির্জার পোস্ট—
দিয়ার এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যা কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ছবিতে একটি খালি চেয়ার দেখা যাচ্ছে এবং ক্যাপশনে লেখা— “এক ওঙ্কার! নানক দেব জি”। যদিও নওয়াজ তাঁর স্টোরিতে দিয়ার নাম উল্লেখ করেননি বা পোস্টটির কোনও প্রত্যক্ষ জবাবও দেননি। তবে দুই তারকার পোস্টের সময়ের এই কাকতালীয় মিল নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, পেশাগতভাবে দিয়া এবং নওয়াজউদ্দিনের মধ্যে সংযোগ রয়েছে। ২০২৬ সালে দিয়ার মুক্তির অপেক্ষায় থাকা প্রোজেক্টগুলির তালিকায় নওয়াজউদ্দিনের সঙ্গে একটি ওয়েব সিরিজের নামও শোনা গিয়েছিল।
চলতি বছরে দিয়া একাধিক বড় ছবি ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সানি দেওল, অক্ষয় খান্না ও তিলোত্তমা সোমের সঙ্গে ‘ইক্কা’ (Ikka) ছবিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ‘আলফা’ (Alpha) প্রোজেক্টের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বছরের শুরুতে দিয়া জানিয়েছিলেন, তিনি চারটি প্রোজেক্টের কাজ শেষ করেছেন, যার মধ্যে নওয়াজউদ্দিনের সঙ্গে ওই ওয়েব সিরিজ ছাড়াও জিমি শেরগিলের সঙ্গে একটি সিরিজ এবং রাহুল ভাটের সঙ্গে একটি নাম ঠিক না হওয়া ছবি রয়েছে। যদিও নওয়াজের সঙ্গে তাঁর সিরিজটির নাম বা বিস্তারিত তথ্য নির্মাতারা এখনও প্রকাশ্যে আনেননি।
অন্যদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকিকে শেষবার দেখা গিয়েছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসল মার্ডারস’ ছবিতে। তাঁর হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। এর মধ্যে সবচেয়ে চর্চিত ছবি ‘তুম্বাড় ২’ (Tumbbad 2), যেখানে সোহম শাহ এবং আলিয়া ভাটও অভিনয় করছেন। আদেশ প্রসাদ পরিচালিত এই ছবিটি ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এছাড়াও ‘ব্লাইন্ড বাবু’, ‘সেকশন ১০৮’ এবং তিগমাংশু ধুলিয়া পরিচালিত মিউজিক্যাল থ্রিলার ‘ও ফির কভি দিখা নহি’-তে দেখা যাবে নওয়াজকে। তিগমাংশু ও নওয়াজের প্রথম জুটির এই ছবিটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শীঘ্রই এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে খবর।