
বিগ বসের ঘর মানেই গসিপ, বিতর্ক আর নিত্যনতুন সমীকরণ। রিয়্যালিটি শো-এর অন্দরে কে কখন কার শত্রু হয়ে যায়, আর কে কখন কার প্রেমে পড়ে, তা বোঝা বড়ই মুশকিল! ক্যামেরার সামনের ড্রামা আর ক্যামেরার পিছনের বাস্তবের মধ্যে থাকে বিস্তর ফারাক। সেই অজানা গল্পই এবার ফাঁস করলেন নন্দিনী। বিগ বস বাংলার অন্যতম চর্চিত প্রতিযোগী রাজবীরকে নিয়ে তাঁর এক বিস্ফোরক মন্তব্য এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। শুরুতে যে রাজবীরকে দু’চোখে দেখতে পারতেন না নন্দিনী, সেই মানুষটারই হঠাৎ প্রেমে পড়ে গেলেন? কিন্তু এমন কী ম্যাজিক হল?
কী বলেছেন নন্দিনী?
প্রথম আলাপের অভিজ্ঞতা কিন্তু একেবারেই সুখকর ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নন্দিনী একেবারে অকপটে জানিয়েছেন তাঁর মনের কথা। বিগ বসের ঘরে পা রাখার পর রাজবীরকে তাঁর একেবারেই অপছন্দ ছিল। সেই প্রসঙ্গে খোদ নন্দিনী বলেছেন, “আমি যখন ঢুকেছিলাম তখন ওকে আমার একেবারেই অপছন্দ ছিল। এরকম ভাবে মাথার উপর দিক করে কথা বলত, আর আমাকে ডাকত ‘নন্দি’ বলে… আমার একদমই ভালো লাগত না।” এখানেই শেষ নয়! সব বিষয়ে হম্বিতম্বি করা হাবভাব- সব মিলিয়ে রাজবীরকে সহ্য করা বেশ কঠিন হয়ে উঠেছিল তাঁর কাছে।
কিন্তু বিগ বসের ঘরে তো কোনও সমীকরণই চিরস্থায়ী নয়। একসঙ্গে এক ছাদের তলায় থাকতে থাকতে ধীরে ধীরে বদলাতে শুরু করে হিসেবনিকেশ। নিজের খোলস ছাড়তে শুরু করেন রাজবীর। আর ঠিক তখনই তাঁর ‘প্রেমে’ পড়েন নন্দিনী! নন্দিনী খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলেন রাজবীরের আসল স্বভাব। তাঁর কথায়, “ছেলেটা মুখে যেমন দেখাচ্ছে এটা হচ্ছে ওর আউটার অ্যাঙ্গেল, ভিতরটা খুবই নরম।”
রাজবীরের আসল রূপ চেনার পর থেকেই তাঁর প্রতি ধারণা বদলে যায় নন্দিনীর। বিগ বস বাংলার দ্বিতীয় সপ্তাহের ‘দাদার দরবার’-এ একটি বড় ভবিষ্যদ্বাণীও করে ফেলেছিলেন তিনি। সেই সময় রাজবীরকে নিয়ে দর্শক মহলে চরম নেতিবাচক চর্চা চলছে, জুটছে দেদার কটাক্ষ। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘দাদার দরবার’-এ নন্দিনী বলেছিলেন, “যতটা ঘৃণা ও পাচ্ছে, একদিন পুরো বাংলা ওর জন্য কাঁদবে। একদিন পুরো বাংলা ওকে বলবে, এই ছেলেটা হচ্ছে আমাদের ঘরের ছেলে।”
নন্দিনীর সেই কথা আজ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। রাজবীর সত্যিই বাংলার অনেক দর্শকের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন। শুরুতে যে মানুষটাকে সহ্য করতে পারতেন না, শেষমেশ তাঁরই সেই নরম মনের প্রেমে পড়েছিলেন নন্দিনী।