
রবিবারই দীপিকা পাডুকোন ও রণবীর সিং জানিয়ে দিলেন তাঁর ফের মা-বাবা হতে চলেছেন। আর সোমবার দীপিকার জওয়ান ছবির পরিচালকের ঘরে এল নতুন সদস্য। হ্যাঁ, বাবা হলেন পরিচালক অ্যাটলি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনব কায়দায় দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করলেন পরিচালক অ্যাটলি। এর আগে চলতি বছরের শুরুতেই স্ত্রী প্রিয়া ও প্রথম সন্তানকে নিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
এদিন আবেগঘন এক বার্তায় অ্যাটলি লেখেন, ‘‘আমাদের পুত্র এখন বড় দাদা হয়ে গেল। নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে। আমি ও প্রিয়া এবার একটি কন্যাসন্তানের মা-বাবা হলাম।’’ পরিচালকের এই পোস্টে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে বিনোদন জগতে।
একটা সময় ছিল যখন দক্ষিণের এই জনপ্রিয় পরিচালকের ওপর ৩০ কোটি টাকা লগ্নি করতেও ইতস্তত বোধ করতেন প্রযোজকরা। কিন্তু সময় বদলেছে। শাহরুখ খান প্রথমবার অ্যাটলির ওপর অটুট বিশ্বাস রেখে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ‘জওয়ান’ ছবিতে। সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন পরিচালক। ‘জওয়ান’-এর ঐতিহাসিক সাফল্যের পর এখন অ্যাটলির দর হলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে। শোনা যাচ্ছে, পশ্চিমী দুনিয়া থেকে বারংবার বড় বড় প্রকল্পের প্রস্তাব এলেও তা সবিনয়ে ফিরিয়ে দিচ্ছেন তিনি। নিজের কাজের নীতি আর সৃজনশীল স্বাধীনতার প্রশ্নে তিনি কোনো আপস করতে রাজি নন।
পিতৃত্বের স্বাদ উপভোগ করার পাশাপাশি কাজের ময়দানেও এক মুহূর্ত বিরতি নিতে রাজি নন পরিচালক। বর্তমানে তাঁর সবটুকু মনোযোগ এখন নতুন ছবি ‘রাকা’-কে ঘিরে। এই মেগা প্রজেক্টে প্রধান চরিত্রে রয়েছেন দক্ষিণি সুপারস্টার অল্লু অর্জুন এবং বলিউড কুইন দীপিকা পাড়ুকোন।
সদ্য বাবা হয়েই ছবির সেটে ফিরছেন অ্যাটলি। অন্যদিকে, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অবস্থাতেই দীপিকা এই ছবির শুটিং চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে। অল্লু অর্জুন ও দীপিকার এই নতুন রসায়ন আর অ্যাটলির পরিচালনা— সব মিলিয়ে ‘রাকা’ এখন থেকেই বক্স অফিসে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে।