Anoushka Shankar Fan Encounter: আচমকা অনুষ্কাকে কোলে তুলে নিল ভক্ত, তারপর যা ঘটল…
Anoushka Shankar fan crossed boundaries: অনুষ্ঠান শেষে আচমকাই এক অনুরাগী তাঁকে কোলে তুলে নেন। ওই মুহূর্তে হাসিমুখে পরিস্থিতি সামাল দিলেও, পরে এক ভয়ংকর সত্যি খোলসা করলেন গ্র্যামি জয়ী সেতারশিল্পী অনুষ্কা শঙ্কর। হঠাৎ কী হল তাঁর সঙ্গে?

অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar), যাঁর সেতারের সুরে মুগ্ধ আমজনতা, সেই তারকার সঙ্গেই এমন এক কাণ্ড ঘটেছে, যা শুনে তাজ্জন বনে গিয়েছেন সকলে। এক অনুরাগী আচমকাই তাঁকে কোলে তুলে নেন! হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গ্র্যামি জয়ী শিল্পীকে। হাসিমুখে পরিস্থিতি সামাল দিলেও, ভিতরে ভিতরে তিনি কতটা ভেঙে পড়েছেন, তা খোলসা করলেন নিজেই। ঠিক কী হয়েছে অনুষ্কা শঙ্করের সঙ্গে?
ঘটনাটি ঠিক কী ঘটেছিল? গত সপ্তাহান্তে একটি শোয়ের পর ভক্তদের আবদার মেটাচ্ছিলেন শিল্পী। আচমকাই এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করেন, তিনি তাঁকে কোলে তুলতে পারেন কি না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, উত্তরের অপেক্ষা না করেই তাঁকে আক্ষরিক অর্থেই শূন্যে তুলে নেন ওই ব্যক্তি। রীতিমতো ‘বিয়ার হাগ’ বা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেন অচেনা ওই মানুষটি। পা শূন্যে ঝুলছে, এমন অবস্থায় চরম অস্বস্তিতে পড়লেও সেই মুহূর্তে কোনও প্রতিবাদ করতে পারেননি শিল্পী। বরং অদ্ভুত এক জড়তায় হেসে তাঁকে নামিয়ে দিতে বলেন। এরপর ওই ভক্তের আনা পোস্টারে সই করে, হাসিমুখে হাত নেড়ে বিদায়ও জানান।
সোশাল মিডিয়ায় দীর্ঘ একটি পোষ্টের মাধ্যমে ঘটনাটি জানান অনুষ্কা। প্রথমে বিষয়টিকে নেহাতই অনুরাগীর ‘অতি-উৎসাহ’ বলে মনে করেছিলেন তিনি। ভেবেছিলেন, মানুষটির মনে হয়তো কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু ঘটনাটি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর তাঁদের বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে তিনি চমকে যান। পরে যখন নিজে বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন, তখন বাস্তবের মাটিতে পা পড়ে। তিনি বুঝতে পারেন এই নীরবতার আসল কারণ। অতীতের এক ভয়াবহ স্মৃতিই তাঁকে সেই মুহূর্তে বাকরুদ্ধ করে দিয়েছিল।
শৈশবের সেই ভয়ংকর দিনগুলির কথা মনে করে অনুষ্কা জানান, “কেউ যখন একটা নির্দিষ্ট ব্যক্তিগত সীমা অতিক্রম করে, তখন আমি থতমত খেয়ে যাই। সেই মুহূর্তে ঠিক ভাবে প্রতিক্রিয়া জানাতে পারি না। এটা অতীতের আতঙ্কের জন্যই হয়।” যদিও অতীতের ঘটনার কথা স্পষ্ট জানাননি তিনি।
বিনোদন জগতে অনুরাগীদের উন্মাদনা নতুন কোনও বিষয় নয়। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য কিংবা ছুঁয়ে দেখার জন্য অনেকেই মরিয়া হয়ে ওঠেন। কিন্তু এই উন্মাদনা যখন ব্যক্তিগত পরিসর বা বাউন্ডারি অতিক্রম করে, তখন তা কতটা ভয়াবহ হতে পারে, অনুষ্কার এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। শিল্পীদেরও যে একটা ব্যক্তিগত স্পেস রয়েছে, তা অনেক সময়ই ভুলে যান অনুরাগীরা। নিজের অভিজ্ঞতা থেকে একই পরিস্থিতির শিকার হওয়া মানুষদের প্রতি তাঁর আবেগঘন বার্তা, যদি কারও মধ্যে এমন অভিজ্ঞতা থেকে থাকে, তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে। সোশাল মিডিয়ায় নিজের এই অভিজ্ঞতার কথা বিস্তারিত ভাবে জানিয়েছেন শিল্পী। তাঁর এই বিবৃতি বিনোদন দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
