Ed Sheeran Bollywood Song: বিশেষ এক আবদারে মন্নতে এন্ট্রি, এক রাতেই শাহরুখের ছবির গান গেয়ে ফেললেন এড শিরান

Ed Sheeran: শুধু একটা ক্যামিওর কথা বলতে মন্নতে গিয়েছিলেন, আর সেখান থেকেই হয়ে গেল কেল্লাফতে! কিং খানের সঙ্গে আড্ডার মাঝেই সেই রাতে 'কিং' ছবির গান রেকর্ড করে ফেললেন এড শিরান। কী ঘটে সেই রাতে?

Ed Sheeran Bollywood Song: বিশেষ এক আবদারে মন্নতে এন্ট্রি, এক রাতেই শাহরুখের ছবির গান গেয়ে ফেললেন এড শিরান
কী ঘটে সেই রাতে?Image Credit source: Youtube & Facebook

Nov 04, 2026 | 9:08 AM

শাহরুখ খান (Shah Rukh Khan) আর চমক, এই দুটো যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। বাদশার জন্মদিনে তাঁর নতুন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ রিলিজ হওয়ার পর থেকেই চলছে হইচই। তবে এই গানের সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে পর্দার আড়ালে। ব্রিটিশ পপ তারকা এড শিরান এসেছিলেন একটা ছোট্ট কাজের কথা বলতে, আর সেখান থেকেই সোজা বলিউড ডেবিউ করে ফেললেন!

 

গল্পটা ঠিক কী?

গত বছর অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিয়োর কাজে হাত দিয়েছিলেন এড শিরান। সেই ভিডিয়োতে শাহরুখের একটা ছোট উপস্থিতি বা ক্যামিও চাইছিলেন তাঁরা। আর সেই ব্যাপারেই কথা বলতে সোজা মন্নতে হাজির হয়েছিলেন ব্রিটিশ গায়ক। আড্ডা তো জমলই, সেইসঙ্গে শাহরুখের ইচ্ছেতেই সুরকার সচিন-জিগারের সঙ্গে দেখা হয়ে গেল তাঁর। ব্যস, আর পায় কে! কথা বলতে বলতে আড্ডার মাঝেই সেই রাতে ‘কিং’ ছবির জন্য নিজের গানের লাইনগুলো লিখে ফেললেন শিরান, আর রেকর্ডও হয়ে গেল তক্ষুনি।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেকর্ডিংয়ের একটি দারুণ ভিডিয়ো শেয়ার করে এড লিখেছেন, “শাহরুখের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখনই উনি বলেছিলেন ওঁর পরের ছবির জন্য আমাকে একটা গান গাইতে হবে। আজ সেটাই সত্যি হলো। সময় যত গড়িয়েছে, আমরা একে অপরকে আরও ভালো করে চিনেছি। আমি ওঁকে ভীষণ পছন্দ করি।” একই প্রজেক্টে অরিজিৎ সিংয়ের মতো গায়কের সঙ্গে কাজ করতে পেরে তিনি যে দারুণ এক্সাইটেড, সে কথাও শুনিয়েছেন।

বাদশার মুখে ভালোবাসার বার্তা

এড শিরানের এই পোস্ট দেখে চুপ থাকেননি কিং খানও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পোস্ট শেয়ার করে এডকে মিষ্টি ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। লিখেছেন, “এই গানটার জন্য তোমাকে যত ধন্যবাদ জানাই, কম হবে। বিশেষ করে ওই হিন্দি অংশটার জন্য দারুণ এফোর্ট দিয়েছ। লাভ ইউ এড শিরান।” সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় আসছে ‘কিং’। এখন শুধু সিনেমা হলের টিকিট কাটার অপেক্ষা!

Loading...
Unable to load recommendations.
Follow Us