Ram Kapoor kissing row: ‘আমি পাল্টাব না!’ শ্রেয়াকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার বিতর্কে এবার বিস্ফোরক রাম
Shreya Kalra: 'লক আপ ২' রিয়্যালিটি শোয়ে টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগী শ্রেয়া কালরাকে গালে চুমু খেয়েছিলেন রাম কাপুর। সেই ঘটনায় রামের বিরুদ্ধে ব্যক্তিগত সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্রেয়া। ক্যামেরার সামনে ঘটে যাওয়া সেই চুমু কাণ্ড নিয়ে এত দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা। কী বললেন তিনি?

রাম কাপুর (Ram Kapoor) কি সত্যিই ক্যামেরার সামনে সীমা ছাড়িয়েছিলেন? ‘লক আপ ২’ শেষ হওয়ার এত দিন পরেও এই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে ভক্তদের। শো চলাকালীন শ্রেয়া কালরাকে (Shreya Kalra) জড়িয়ে ধরে গালে চুমু খাওয়া নিয়ে রীতিমতো ছি-ছি পড়ে গিয়েছিল নেটপাড়ায়। শ্রেয়া তো সোজাসুজি বলেই দিয়েছিলেন, রামের এই গায়ে পড়া স্বভাব তাঁর মোটেই পছন্দ নয়। এবার সেই ঘটনা নিয়েই আর চুপ থাকলেন না রাম। একেবারে সপাটে জবাব ছুড়ে দিলেন সমালোচকদের মুখে।
সম্প্রতি এক পডকাস্টে রামকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ বিরক্তির সুরেই সব উড়িয়ে দেন। তাঁর দাবি, শোয়ের পর শ্রেয়া নিজেই নাকি এসে বলেছিলেন তিনি এমন কিছু বলতে চাননি। রামের কথায়, “আমি মানুষটাই একটু জড়িয়ে ধরে বা গায়ে হাত রেখে কথা বলতে অভ্যস্ত। আজ নয়, কেরিয়ারের প্রথম দিন থেকেই আমি এই রকম। তাই এখন কারও কথায় নিজেকে বদলাতে যাব না। লোকে কী বলল, তাতে আমি কেয়ার করি না!”
টেলিভিশন দুনিয়ায় তাঁর তিন দশকের কেরিয়ারের উদাহরণ টেনে রাম বলেন, “গত ২৭ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আজ পর্যন্ত আমার সঙ্গে কাজ করা একটা মেয়েও আমার নামে কোনও অভিযোগ করতে পারেনি। সেখানে রিয়্যালিটি শোয়ের দুটো মুহূর্তকে ভুলভাবে দেখিয়ে এই বিষয় নিয়ে জল ঘোলা করা হচ্ছে।” তাঁর মতে, এইসব ছোটখাটো বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় তাঁর হাতে নেই।
শ্রেয়ার প্রতি তাঁর কি কোনও ক্ষোভ রয়েছে? রাম স্পষ্ট জানান, শ্রেয়া এখনও বয়সে অনেক ছোট। বয়স বাড়লেই ও আসল বাস্তবটা বুঝবে। অভিনেতা এমনকি জানান, শ্রেয়া নিজের কোনও শোয়ে ডাকলে তিনি আনন্দের সঙ্গেই যাবেন। অন্যদিকে আরেক প্রতিযোগী শিল্পা শিন্ডে প্রসঙ্গে রাম বলেন, শিল্পার জীবনটা অনেক কষ্টের, তাই তাঁর মনে হয়তো একটু রাগ-ক্ষোভ বেশি। কিন্তু রামের মনে কারও জন্য কোনও খারাপ লাগা নেই।
আদতে ‘লক আপ ২’-এর একটি টাস্ক জেতার পরেই উত্তেজনায় শ্রেয়াকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন রাম। আর তাতেই বিস্ফোরক হয়ে ওঠেন শ্রেয়া এবং এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে অনেকেই বেশ বিরক্ত হন।
