Iman Chakraborty: মার্কিন বিমান বন্দরে হেনস্থা ইমন চক্রবর্তীকে, উঠতে দেওয়া হল না প্লেনেও! কী অভিযোগ গায়িকার?

Iman Chakraborty harassed at US airport: নিউ জার্সির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের হাতে এই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা। গায়িকার অভিযোগ, বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে তো দেওয়া হয়ইনি, উল্টে বিমান সংস্থার কর্মীরা তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করেন এবং গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন।

Iman Chakraborty: মার্কিন বিমান বন্দরে হেনস্থা ইমন চক্রবর্তীকে, উঠতে দেওয়া হল না প্লেনেও!  কী অভিযোগ গায়িকার?

|

Oct 17, 2026 | 10:22 PM

বিদেশের মাটিতে অপমান ও চরম হয়রানির শিকার হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং তাঁর সহ-শিল্পীরা। দুর্গাপুজোর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে নিউ জার্সির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের হাতে এই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা। গায়িকার অভিযোগ, বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে তো দেওয়া হয়ইনি, উল্টে বিমান সংস্থার কর্মীরা তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করেন এবং গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন।

কী ঘটেছিল ডালাস বিমানবন্দরে?
সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভে এসে নিজের ক্ষোভ ও অসহায়তার কথা বিস্তারিত জানান গায়িকা ইমন চক্রবর্তী। তিনি জানান, নিউ জার্সিতে দুর্গোৎসবের নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সময়মতো ডালাস বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠার সময় কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাঁদের আটকে দেওয়া হয়।

শিল্পীরা যখন এই অহেতুক বাধার প্রতিবাদ জানান, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিমান সংস্থার কর্মীরা তাঁদের সঙ্গে চরম কুরুচিকর আচরণ শুরু করেন এবং ধাক্কা মেরে বোর্ডিং গেট থেকে বাইরে বের করে দেন বলে অভিযোগ।

শিল্পী ও তাঁর দলের কাছে থাকা মূল্যবান বাদ্যযন্ত্র বা প্রফেশনাল ইনস্ট্রুমেন্ট নিয়েও অত্যন্ত সংবেদনহীন মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন ইমন। বিমান সংস্থার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বিমানযাত্রার সময়ে বাদ্যযন্ত্রের কোনও ক্ষয়ক্ষতি বা ভাঙচুর হলে তার দায়ভার নিতে রাজি নয় আমেরিকান এয়ারলাইন্স।

এই অপ্রীতিকর ঘটনার কারণে শেষ পর্যন্ত নির্দিষ্ট বিমানটি মিস করেন ইমন ও তাঁর সঙ্গীরা। পরবর্তীকালে এয়ারলাইন্সের তরফ থেকে দুপুর ১২টার একটি বিকল্প ফ্লাইটের কথা বলা হলেও, সেই বিমানেও তাঁদের উঠতে দেওয়া হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা বজায় রাখা হয়।

একজন গুণী ভারতীয় শিল্পী ও তাঁর দলের সঙ্গে বিদেশের মাটিতে এই ধরনের হেনস্থা এবং প্রফেশনাল ইনস্ট্রুমেন্টের প্রতি এমন অবহেলার ঘটনা সামনে আসতেই সোশাল মিডিয়ায় তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us