Imran Khan: ফের নোটিস ইমরান খানকে, নতুন বিপাকে পড়ছেন আমিরের ভাগ্নে?

FRRO show cause notice OCI card: তবে সেই ধাক্কা সামলে ওঠার আগেই রবিবারে ফের দ্বিতীয় নোটিস হাতে পেলেন তিনি। এবার তাঁর 'ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া' (OCI) মর্যাদা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (Show Cause) নির্দেশ পাঠাল কেন্দ্রীয় ইমিগ্রেশন বিভাগ।

Imran Khan: ফের নোটিস ইমরান খানকে, নতুন বিপাকে পড়ছেন আমিরের ভাগ্নে?

|

Oct 18, 2026 | 5:51 PM

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার মাশুল গুনতে হচ্ছে অভিনেতা ইমরান খানকে। বিতর্কিত ঘটনার জল এবার গড়াচ্ছে আদালতের দরজা থেকে নাগরিকত্বের অধিকার পর্যন্ত। ১৪ অক্টোবর মুম্বই পুলিশের ফরেনার্স রিজিনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) থেকে দেশ ছাড়ার নির্দেশিকা পাওয়ার পর শনিবার বম্বে হাই কোর্টের আইনি আইনি শরণাপন্ন হয়েছিলেন অভিনেতা। তবে সেই ধাক্কা সামলে ওঠার আগেই রবিবারে ফের দ্বিতীয় নোটিস হাতে পেলেন তিনি। এবার তাঁর ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (OCI) মর্যাদা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে শোকেজের নির্দেশ পাঠাল কেন্দ্রীয় ইমিগ্রেশন বিভাগ।

ঘটনার সূত্রপাত ১০ অক্টোবর। দিল্লিতে সিইসি (CEC) বিরোধী আন্দোলনের সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে এক প্রতিবাদ সভার আয়োজন করে সিজেপি। সেই বিক্ষোভে উপস্থিত থাকার অভিযোগে পুলিশ তাঁকে সাময়িকভাবে আটক করে। পরবর্তীতে বিজেপির এক প্রাক্তন সাংসদের অভিযোগের ভিত্তিতে ইমরান ও অন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে বেআইনি জমায়েতের মামলা রুজু করা হয়। অভিযোগ, ওই বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশের পূর্বানুমতি ছিল না।

রবিবার পাঠানো এফআরআরও-র নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নিয়ম ভেঙে বেআইনি জমায়েতে অংশ নেওয়ার অপরাধে তাঁর ওসিআই কার্ড কেন খারিজ করা হবে না। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী, ওসিআই মর্যাদা বাতিলের মতো চরম পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া বাধ্যতামূলক। সেই আইনি বিধান মেনেই ইমরানকে জবাব দেওয়ার জন্য ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

তবে নোটিসে এফআরআরও এটিও স্বীকার করেছে যে, কেবল এফআইআর (FIR) দায়ের হওয়া বা পুলিশি আটক হওয়া মানেই কোনও ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়ে যাওয়া নয়। একইভাবে, শুধু আন্দোলন বা বিক্ষোভে অংশগ্রহণ করাও স্বয়ংক্রিয়ভাবে ওসিআই কার্ড বাতিলের চূড়ান্ত ভিত্তি হতে পারে না।

এর আগে ব্যুরো অব ইমিগ্রেশনের লেটারহেডে জারি করা ১৪ অক্টোবরের প্রথম নোটিসে অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবর, ২০২৬-এর মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়, অভিনেতা ২০২৫ সালের নতুন অভিবাসন আইন (Immigration and Foreigners Act 2025)-এর ৭ ও ২৯ নম্বর ধারা এবং তার অধীনে গঠিত নিয়মকানুন লঙ্ঘন করেছেন। ৭ নম্বর ধারা বলে সরকার কোনও বিদেশি নাগরিককে ভারত ছাড়ার আদেশ দিতে পারে এবং ২৯ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বলপূর্বক সরিয়ে দেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেওয়া রয়েছে।

পারিবারিক সূত্রে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক হিসেবে এতদিন ওসিআই সুবিধা পেয়ে আসছিলেন ইমরান। তবে ২০২৫ সালের কঠোর অভিবাসন আইন এবং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সাঁড়াশি চাপে এখন আইনি জটিলতার মুখে জনপ্রিয় এই অভিনেতা। বম্বে হাই কোর্টে তাঁর করা আবেদনের শুনানি এবং এই কারণ দর্শানোর নোটিসের জবাবের ওপরই এখন নির্ভর করছে ভারতে অভিনেতার ভবিষ্যৎ।

Loading...
Unable to load recommendations.
Follow Us