
মুম্বইয়ের জুহু এলাকার নামী ঠিকানা ‘জলসা’ কেবল একটি বাংলো নয়, বরং অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা কয়েক দশকের এক জীবন্ত ইতিহাস। প্রতি রবিবার এই বাড়ির গেটের সামনে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেলেও, অনুরাগীদের অনেকেরই কৌতূহল থাকে এই রাজকীয় বাংলোর অন্দরমহল কেমন, তা দেখার জন্য। ‘ভোগ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদন অনুযায়ী, প্রখ্যাত পরিচালক রমেশ সিপ্পির সঙ্গে ‘সত্তে পে সত্তা’ ছবির সাফল্যের পর এই বাড়িটি উপহার পেয়েছিলেন বিগ বি। ক্লাসিক ভারতীয় নকশার সঙ্গে আধুনিক আভিজাত্যের ছোঁয়ায় তৈরি জলসার অন্দরমহল সত্যিই রূপকথার মতো।
বাংলোর ফরমাল লিভিং রুম বা ড্রয়িং রুমটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। উচুঁ খিলান, পালিশ করা মার্বেলের মেঝে এবং বড় বড় কাচের দরজা দিয়ে সারাদিন ঘরের ভেতর আলো খেলা করে। ঘরটিকে আরও উষ্ণ ও জাঁকজমকপূর্ণ করে তুলেছে টেরাকোটা রঙের সোফা, সোনালি রঙের পর্দা, তুর্কি কার্পেট এবং সুদৃশ্য ঝাড়বাতি। ঘরের এক কোণে রয়েছে প্রাচীন পিতলের ভাস্কর্য, সুদৃশ্য আসবাব এবং রূপোর নানা শোপিস। সবচেয়ে নজরকাড়া বিষয় হল পেস্তা-সবুজ রঙের একটি দেওয়াল, যার ওপর রয়েছে পদ্ম ফুল ও পাখির এক বিশাল পেইন্টিং। এছাড়া ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় শৈলীর একটি ফোল্ড-আউট তাঞ্জোর পেইন্টিং এই ঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
মূল বৈঠকখানা ছাড়াও জলসায় রয়েছে একটি আরামদায়ক পারিবারিক কক্ষ। মোঘল ও পার্সিয়ান স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি এই ঘরের দেওয়ালগুলি হালকা কাঠের প্যানেলিং দিয়ে ঢাকা, যা গম্বুজের মতো দেখতে এক বিশেষ আবহ তৈরি করে। সঙ্গে সারি দিয়ে লাগানো উষ্ণ আলোর রোশনাই ঘরটিকে অন্য মাত্রা দেয়। সবুজ রঙের সোফা এবং রঙিন কুশন এই ঘরটিকে বেশ ক্যাজুয়াল ও ঘরোয়া করে তুলেছে। দেওয়ালে টাঙানো আধুনিক চিত্রকর্ম এবং পরিবারের পুরনো ও নতুন কিছু ফ্রেমবন্দি ছবি এই ঘরের আবেগকে আরও বাড়িয়ে তোলে।
পরিবারের বাকি অংশের থেকে অমিতাভ বচ্চনের স্টাডি রুম বা ওয়ার্কস্পেসের ডিজাইন একদম আলাদা। ক্রিম এবং বাদামী রঙের ছোঁয়া থাকা এই ঘরে রয়েছে একটি অলিভ-গ্রিন লেদারের সোফা, আর্মচেয়ার এবং কালো কফি টেবিল। ঘরের দেওয়াল জুড়ে রয়েছে দুর্লভ কিছু পেইন্টিং ও পোট্রেট। তবে এই ঘরের সবচেয়ে বিশেষ আকর্ষণ হল একটি কাস্টম-মেড স্ট্যান্ডিং ডেস্ক বা বিশেষ টেবিল।
প্রয়াত কবি তথা অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন যেভাবে দাঁড়িয়ে ও বসে কাজ করতেন, সেই অভ্যাসের কথা মনে রেখেই এই বিশেষ টেবিলটি তৈরি করিয়েছেন বিগ বি। একবার অমিতাভ নিজেই জানিয়েছিলেন, “কাজে ক্লান্ত হয়ে পড়লে দাঁড়িয়ে কাজ করার শিক্ষা আমি বাবা-মায়ের কাছ থেকেই পেয়েছি।”
অন্দরমহলের এই রাজকীয় বৈভবের পাশাপাশি জলসার বাইরের অংশও কম সুন্দর নয়। ডাইনিং এরিয়া এবং লিভিং রুমের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল সবুজ বাগান। ক্রান্তীয় গাছপালা, নানা ধরনের ক্যাকটাস ও পাতাবাহার ঘেরা এই বাগান ঘরের ভেতরেও এনে দেয় এক সতেজ আমেজ। বড় বড় কাচের দরজা দিয়ে বাইরের বাগান ও সবুজ সরাসরি ঘরের ভেতর থেকে উপভোগ করা যায়। এছাড়া ধূসর রঙের মেঝেসমেত একটি ছিমছাম বারান্দাও রয়েছে, যেখানে শান্তিতে সময় কাটায় পুরো বচ্চন পরিবার।