
‘দিদি নম্বর ওয়ান’ এবং রচনা বন্দ্যোপাধ্যায় যেন সমার্থক। ২০১০ থেকে হচ্ছে ‘দিদি নম্বর ওয়ান’ শো। ২০১১-তে এই শোয়ের সঞ্চালক হিসাবে যোগ দেন রচনা। রচনা এই শোয়ে আসার পরও জুন মালিয়া সঞ্চালনা করেছিলেন এই শোয়ের সিজন থ্রি। তারপর রচনা ফিরে আসেন। ২০১৩-তে আবার বদলে দেওয়া হয় সঞ্চালক। তখন দেখা গিয়েছিল দেবশ্রী রায়কে, রচনার জায়গায়। তবে ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত, মানে প্রায় ১২ বছর এই শোয়ের সঞ্চাবক বদল হয়নি! রচনাকে ফিরিয়ে আনার পর তিনিই সবচেয়ে বেশি এপিসোডের শুটিং করেছেন।
লক্ষণীয় এই শোয়ে ২০২৪ সালের মার্চ আসে রচনার ডাকে আসেন তত্কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রচনার শোয়ে এসে রুটি বেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভিডিয়ো ছিল ভাইরাল। এরপর ২০২৪-এ সাংসদ হওয়ার জন্য সবুজ শিবিরের টিকিট পেয়ে যান রচনা। ২০২৬-এর ৪মে রাজ্যের বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরের হার হয়েছে। তারপরই তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে নাম লিখিয়েছেন রচনা, যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। যদিও গত দু’ দিনে রচনাকে দেখা যায়নি দিল্লিতে, কারণ তিনি শহরের বাইরে ছুটি কাটাচ্ছিলেন। ঠিক এই সময়, দিদি নম্বর ওয়ানকে বিদায় জানাচ্ছেন রচনা, এমন খবর আসছে।
খবরটি কি ঠিক? এই বিষয়ে জানার জন্য পরিচালক অভিজিত্ সেনকে যোগাযোগ করা হলেও, উত্তর অধরা। রচনার থেকেও এই বিষয়ে উত্তর পাওয়া যায়নি। তিনি এই শোয়ের তত্ত্বাবধানে রয়েছেন বহু বছর ধরে। টলিপাড়ায় রচনার পরবর্তী প্রজন্মের এক নায়িকাকে চ্যানেলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, এই শো করার জন্য। সব কিছুই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
এই শো থেকে রচনার সরে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে কোনও রাজনৈতিক সমীকরণ জড়িয়ে রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ-কেউ। আবার অনেকে বিষয়টিকে একেবারেই কাকতালীয় হিসাবে দেখছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে, চ্যানেলের বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে।