
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেই ভিডিয়োটি এক শিশুশিল্পীর। সঙ্গে রয়েছেন বলিউডের দুই তাবড় অভিনেতা–একজন সইফ আলি খান এবং অন্যজন রানি মুখোপাধ্যায়। বাচ্চা মেয়েটি বলছে, “গরিব হলে তাঁকে স্কুল ছেড়ে দিতে হবে।” বাচ্চা মেয়েটার চোখে মুখে দুশ্চিন্তার চিহ্ন স্পষ্ট। এই ভিডিয়ো ক্লিপিংস ছড়াতেই সকলে সেই বাচ্চা মেয়েটির পরিচয় নিয়ে আলোচনা করছেন। অনেকে বলছেন, বাচ্চাটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি। অনেকে আবার দ্বিমত পোষণ করে বলছেন, বাচ্চা মেয়েটি নাকি সারা আলি খান। সত্যি কী?
সত্যি কী, সেটা জানিয়েছেন নেটিজ়েনরাই। আসলে এটি বলিউড ছবি ‘তারা রাম পাম’ ছবির ক্লিপিংস। নেটিজ়েনদের কয়েকজন শিশুশিল্পীর পরিচয় জানিয়ে বলেছেন, “বাচ্চাটি ওরি নন, সারা আলি খানও নন। তাঁদের চেহারার সঙ্গে বাচ্চাটির মিল থাকতে পারে, কিন্তু এই বাচ্চা মেয়েটির নাম অ্যাঞ্জলিনা ইদনানি। ১৯৯৭ সালের ৩০ অক্টোবর সে জন্মগ্রহণ করে ভারতে। কেবল ‘তারা রাম পাম’ ছবিতে নয়, অ্যাঞ্জেলিনা অভিনয় করেছেন ‘ফির হেরা ফেরি’ ছবিতেও।”
ওরি কোনওদিনও সিনেমায় অভিনয় করেননি। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। করণ জোহরও তাঁকে আমন্ত্রণ জানান ‘কফি উইথ করণ’-এর মতো শোতে। অন্যদিকে সারা আলি খান হলেন, সইফ আলি খান এবং তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান। এখন সারা একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।