
রিয়েলিটি শো-এর চার দেওয়ালের মাঝেও নিজের ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতা যে এক চুলও কমতে দেননি, তার প্রমাণ বারবার রেখেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সর তথা ‘বিগ বস বাংলা’-র চর্চিত প্রতিযোগী ঝিলম গুপ্ত। শোয়ের অন্দরে তাঁর তৈরি তুমুল জনপ্রিয় ‘ইঁদুর’ র্যাপ ইতিমধ্যেই নেটপাড়ায় ঝড় তুলেছে। পুজোমণ্ডপ থেকে সোশাল মিডিয়ার ফিড—সর্বত্রই এখন লোকমুখে ঘুরছে সেই সুর। আর এবার বিগ বসের ঘর ছাড়ার রেশ কাটতে না কাটতেই নিজের হাতে গড়া আগমনী গান রেকর্ড করে ফেললেন ঝিলম! পুজোর আবহে তাঁর এই নতুন সৃষ্টি ইউটিউবে আসতেই তা লুফে নিয়েছেন অনুরাগীরা।
মুহূর্তের মধ্যে গান বেঁধে ফেলা কিংবা সুর দিয়ে তা গেয়ে ওঠা ঝিলমের কাছে একেবারেই জলভাত। রিয়েলিটি শো-তে প্রবেশের আগেই তাঁর এই প্রতিভার কথা খোলসা করেছিলেন তাঁর বিশেষ বন্ধু পৌলমী গুহ। আর বিগ বসের অন্দরে পা রেখেও সেই স্বকীয়তা বজায় রেখেছিলেন তিনি। গায়ক দুর্নিবার সাহার সঙ্গে জুটি বেঁধে ‘ডিজে মাউস’ ও ‘ডিজে দুর্নি’-র যুগলবন্দিতে উপহার দিয়েছিলেন একাধিক মিউজিক্যাল মোমেন্ট। এমনকি সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নানা টাস্কেও তাঁর রিল-বান্ধব র্যাপ মন জয় করেছিল সকলের।
বিগ বসের ঘরে প্রতিটি প্রতিযোগীকে নিয়ে তিনি তৈরি করেছিলেন একটি বিশেষ আগমনী গান—‘ওগো মা এসো মা/ এই বাড়িতেও থাকতে এসো মা।’ সেই গানে যেমন বাড়ির অন্য সদস্যদের নাম জড়িয়ে ছিল, বাদ যাননি স্বয়ং সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ঝিলমের সেই আবেগমাখা গান শুনেই তাঁকে বিদায় জানিয়েছিল বিগ বস পরিবার। তাঁর অনুপস্থিতিতেও বাড়ির বাকি সদস্যরা বারবার সেই গান গুনগুনিয়ে স্মরণ করেছেন তাঁকে।
আর এবার শো থেকে বেরিয়েই পুজো মরশুমের মাঝে ঝিলম ভক্তদের সেই বহুল প্রতীক্ষিত উপহারটি দিয়ে দিলেন একেবারে পেশাদার কায়দায়। স্টুডিওতে গিয়ে রেকর্ড করে ফেললেন নিজের লেখা সেই মনকাড়া গানটি। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই খুশির খবর শেয়ার করে ঝিলম লিখেছেন, “অবশেষে গেয়ে রেকর্ড করেই ফেললাম। সবাই শুনে জানিও কেমন লেগেছে। সকলকে দুর্গাপূজার অনেক শুভেচ্ছা।” গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই হু হু করে বাড়তে শুরু করেছে ভিউজ। ঝিলমের এই নতুন গান যেমন দুর্গাপূজার আমেজকে আরও রঙিন করে তুলেছে, তেমনই নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন— কবে তবে একইভাবে রেকর্ড হবে সেই জনপ্রিয় ‘ইঁদুর’ র্যাপ?