দিব্যা ভারতীর মৃত্যু রহস্য, সেই শেষ কয়েক ঘণ্টা কী ঘটেছিল নায়িকার সঙ্গে? ফাঁস বিস্ফোরক তথ্য

সাংবাদিক ট্রয়ের বর্ণনা অনুযায়ী, মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন দিব্যা। ঘটনার রাতে তাঁর ফ্ল্যাটে অতিথিদের আনাগোনা ছিল। উপস্থিত ছিলেন খ্যাতনামী পোশাকশিল্পী নীতা লুল্লাও। সকলে যখন আড্ডায় মগ্ন, দিব্যা তখন গ্লাস হাতে বারান্দায় একা সময় কাটাচ্ছিলেন।

দিব্যা ভারতীর মৃত্যু রহস্য, সেই শেষ কয়েক ঘণ্টা কী ঘটেছিল নায়িকার সঙ্গে? ফাঁস বিস্ফোরক তথ্য

|

Mar 23, 2026 | 1:38 PM

তিনি ছিলেন নব্বই দশকের বলিউডের ‘স্বপ্নসুন্দরী’। সাফল্যের মধ্যগগনে থাকাকালীনই হঠাৎ ছন্দপতন। ১৯৯৩ সালের সেই এপ্রিলের রাত আজও অমীমাংসিত রহস্যে মোড়া। দিব্যার মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র? সাংবাদিক ট্রয় রিবেইরোর কলমে ধরা পড়েছে সেই রাতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।

সাংবাদিক ট্রয়ের বর্ণনা অনুযায়ী, মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন দিব্যা। ঘটনার রাতে তাঁর ফ্ল্যাটে অতিথিদের আনাগোনা ছিল। উপস্থিত ছিলেন খ্যাতনামী পোশাকশিল্পী নীতা লুল্লাও। সকলে যখন আড্ডায় মগ্ন, দিব্যা তখন গ্লাস হাতে বারান্দায় একা সময় কাটাচ্ছিলেন। হঠাৎই একটি বিকট শব্দ, আর সব শেষ। অতিথিরাই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ট্রয় তাঁর বইয়ে এক চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, ঘটনার ঠিক আগে দিব্যার পরিচারিকাই তাঁকে শেষবার দেখেছিলেন। কিন্তু ট্রয়ের আক্ষেপ, সেই গুরুত্বপূর্ণ সাক্ষীকে পুলিশ কেন একবারও ভালো করে জিজ্ঞাসাবাদ করল না, তা আজও এক বড় প্রশ্নচিহ্ন। এই গাফিলতিই কি খুনের তত্ত্বকে আরও উসকে দিচ্ছে?

দিব্যায় অকালমৃত্যুর খবর পাওয়া মাত্রই ভেঙে পড়েছিলেন তাঁর স্বামী, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এতটাই শোকাতুর ছিলেন যে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁকে কড়া ঘুমের ওষুধ দিয়ে রাখতে হয়েছিল। অন্যদিকে, হাসপাতালের করিডোরে তখন আর এক নাটকীয় দৃশ্য। দিব্যার বাবা কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলছিলেন, ‘‘ওরা আমার মেয়েকে মেরে ফেলল!’’

ভোররাতে যখন দিব্যার মা হাসপাতালে পৌঁছান, তখন শোকাতুর পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিব্যার বাবা ও ভাই ক্রমাগত তাঁর মা-কে কাঠগড়ায় তুলছিলেন। কেন সেই মুহূর্তে নিজের স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন দিব্যার বাবা? সেই রহস্যের জট আজও খোলেনি।

৩৩ বছর পেরিয়েও দিব্যা ভারতীর মৃত্যু আজও আত্মহত্যা, দুর্ঘটনা আর খুনের তর্কের মাঝে দুলছে। পর্দার ‘শোলা অউর শবনম’-এর সেই হাসিখুশি মেয়েটি চিরদিনের মতো হারিয়ে গেলেও, তাঁর মৃত্যুরহস্য আজও বলিউডের অলিতে-গলিতে ফিসফাস হয়ে ঘুরে বেড়ায়।

Follow Us