
একের পর এক দুর্ঘটনার খবর চারিদিকে। এই তো দুদিন আগে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর আবারও এক দুর্ঘটনার কথা। শুটিং থেকে ফেরার পথে বড় দুর্ঘটনার মুখোমুখি অভিনেতা সাহেব ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এই মুহূর্তে অভিনেতাকে দর্শক দেখছেন ‘কথা’ সিরিয়ালে। রোজকার মতো এদিনও জোকা থেকে শুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেতা। ফেরার পথেই ঘটে এই কাণ্ড।
সেদিন তাঁর সঙ্গে নিজের গাড়ি ছিল না। তাই অ্যাপ ক্যাবে করেই বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে যে এমনটা ঘটবে এখনও তাঁর কাছে গোটা ঘটনাটাই দুঃস্বপ্নের মতো। জেমস লং সরণী ধরেই যাচ্ছিলেন তাঁরা। সামনের একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটে ঘটনাটি। সোজা ডিভাইডারে ধাক্কা মারে সাহেবের গাড়়িটি। আর ধাক্কা মেরে উল্টে যায়। যথেষ্ট স্পিডেই চলছিল সাহেবের গাড়ি। বেশ ভয়ই পেয়েছিলেন নায়ক। গাড়ির দরজা ভেঙে বার করা হয় তাঁকে। দুর্ঘটনায় নায়কের চোট অল্প হলেও তাঁর সহকারির অনেকটাই ক্ষতি হয়েছে। তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছে।
গাড়ি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শোনা যাচ্ছে, গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে সাহেব কোনও অভিযোগ জানাননি চালকের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সেই ব্যক্তি। ঘটনার পর নিজের দুটো ফোন, শুটিংয়ের ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছিলেন না নায়ক। তাঁর সব কিছুই খুঁজে দিয়েছে পুলিশ। শহরে পুলিশের এত তত্পরতা নিয়ে গর্বিত অভিনেতা। তবে অ্যাপ ক্যাবের সুরক্ষা নিয়েও নিজের চিন্তা প্রকাশ করেছেন অভিনেতা। উল্লেখ্য, প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ছেড়ে দেওয়ার হলেও তাঁর সহকারি হাসপাতালে ছিলেন। শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।