
বিচ্ছেদ মানেই কি সব সম্পর্ক তিক্ততায় ভরে যায়? অন্তত প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনকে ঘিরে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর সাম্প্রতিক পোস্টে সেই ধারণাই নতুন করে ভাবাচ্ছে। একসময় যাঁদের সম্পর্ক নিয়ে বলিউড ও নেটদুনিয়ায় কম চর্চা হয়নি, সেই ললিতই এবার সুস্মিতার ৫১তম জন্মদিনে দিলেন আন্তরিক শুভেচ্ছা। শুধু শুভেচ্ছাবার্তা নয়, অভিনেত্রীকে নিজের ‘প্রিয় বন্ধু’ বলেও সম্বোধন করেছেন তিনি।
গত ১৯ নভেম্বর ৫১ বছরে পা রাখলেন সুস্মিতা। বিশেষ এই দিনেই সোশাল মিডিয়ায় অভিনেত্রীর সঙ্গে নিজের একটি সাদা-কালো ছবি ভাগ করে নেন ললিত। সেই ছবিতে কালো পোশাকে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন সুস্মিতা এবং তাঁর পাশে সাদা পোশাকে দেখা গিয়েছে ললিতকে। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “আমার প্রিয় বন্ধু সুস্মিতা সেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থেকো।” প্রাক্তন চর্চিত সঙ্গীর এই শুভেচ্ছাবার্তাকে কেন্দ্র করেই ফের শুরু হয়েছে আলোচনা।
২০২২ সালের জুলাই মাসে প্রথমবার সুস্মিতা ও ললিতের সম্পর্কের গুঞ্জন সামনে আসে। সে সময় মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর একাধিক ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ললিত। সুস্মিতাকে ‘বেটার হাফ’ আখ্যা দিয়ে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিতও দেন তিনি, যার জেরে তাঁদের বিয়ে নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। তবে পরবর্তীতে ললিত পরিষ্কার করেন যে তাঁরা সম্পর্কে থাকলেও বিয়ে করেননি। সুস্মিতা নিজেও এ বিষয়ে প্রকাশ্যে সরাসরি কোনও মন্তব্য করেননি, যদিও দু’জনেই আলাদাভাবে জানান যে তাঁরা বিবাহিত নন।
ললিতের পোস্ট—
এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ললিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুস্মিতার ছবি ও তাঁর সম্পর্কে লেখা পোস্টগুলো মুছে ফেলার পরই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রিমা বৌরির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে ললিত জানান, দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিয়েছে এবং তিনি জীবনে এগিয়ে চলেছেন।
সুস্মিতার প্রতি তাঁর যে কোনও বিদ্বেষ বা তিক্ততা নেই, তা আগেও একাধিকবার স্পষ্ট করেছেন ললিত। এক সাক্ষাৎকারে বিচ্ছেদের নেপথ্যে ভৌগোলিক দূরত্বের কথা উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, সুস্মিতার কাজ ও জীবন মূলত ভারতে, আর তিনি থাকেন লন্ডনে— এই দূরত্বই তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেছিল।
সেই সাক্ষাৎকারে সুস্মিতাকে ‘বিশেষ’ ও ‘প্রিয় বন্ধু’ বলার পাশাপাশি দুই কন্যা রেনে ও আলিশাকে একা হাতে বড় করার জন্যও অভিনেত্রীর প্রশংসা করেছিলেন ললিত। সোশাল মিডিয়ায় সুস্মিতাকে নিয়ে চলা নানা কটাক্ষের বিরুদ্ধেও সরব হয়ে তিনি বলেছিলেন, নিজের পরিচিতি গড়তে সুস্মিতার কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই; তিনি যথেষ্ট স্বনির্ভর ও সফল।