
বলিউডের দীপাবলি মানেই চোখ ধাঁধানো ফ্যাশন, পাপারাৎজির ফ্ল্যাশলাইট আর তারকাপুত্র-কন্যাদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার এ বছরের জমকালো দীপাবলি পার্টিতে তার ব্যতিক্রম হয়নি। তবে এদিনের হাইপ্রোফাইল পার্টিতে সব আলো কেড়ে নিল একটি নতুন জুটি। অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং শ্রীরাম নেনের বড় ছেলে আরিন নেনে হাজির হয়েছিলেন এক তরুণীকে সঙ্গে নিয়ে। আর তা ঘিরেই এখন বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।
জানা গিয়েছে, ওই তরুণীর নাম খুশি। এর আগেও আরিনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে নেটদুনিয়ায় কম চর্চা হয়নি। তবে মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে তাঁদের এই প্রকাশ্য উপস্থিতি এবং একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেওয়া সেই জল্পনাকে যেন আরও উসকে দিল। গত বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত ওই তারকাবহুল অনুষ্ঠানে আরিন ও খুশিকে অত্যন্ত সাবলীল ও স্বচ্ছন্দ মেজাজে দেখা যায়।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পোজ দেওয়ার সময় আরিন স্নেহের সঙ্গে খুশিকে নিজের কাছাকাছি টেনে নেন। দু’জনের মুখেই ছিল চওড়া হাসি। শুধু একা নয়, এই জুটিকে পোজ দিতে দেখা যায় খোদ মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনের সঙ্গেও। তারকা দম্পতির পাশাপাশি দাঁড়িয়ে তাঁদের হাসিমুখে ছবি তোলার দৃশ্য দেখেই অনুরাগীদের একাংশের অনুমান, পরিবারের সঙ্গে ইতিমধ্যেই বেশ ভালো সখ্য তৈরি হয়েছে খুশির।
বলিউডের চিরসবুজ ডিভা মাধুরী দীক্ষিতের বড় ছেলে আরিন বরাবরই লাইমলাইট থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন। পড়াশোনা ও নিজের কেরিয়ার নিয়েই মূলত ব্যস্ত থাকেন তিনি। তবে দীপাবলির এই পার্টিতে খুশির হাত ধরে তাঁর প্রকাশ্যে আসা এবং পরিবারের সঙ্গে পোজ দেওয়ার ঘটনাটি এখন খবরের শিরোনামে। এই বিশেষ উপস্থিতি কি তবে নতুন কোনও সম্পর্কের সিলমোহর? সেই উত্তর সময়ই দেবে, তবে আপাতত আরিন ও খুশির রসায়নই নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।