
প্ল্যান ছিল মহাকুম্ভে পৌঁছে মালা বিক্রি করবেন। সংসার চালানোর জন্য রোজগার করবেন টাকা। কিন্তু মহাকুম্ভের ভাইরালকন্যা মোনালিসার ললাটে অন্য কাহিনিই লিখে রেখেছিলেন ঈশ্বর। আর সেই কাহিনির নিয়ম মেনেই, একে একে ঘটতে শুরু করল ঘটনা। প্রথমে ব্লগারের হাত ধরে ভাইরাল হওয়া। পরে সেই ভাইরাল হওয়ার কারণে মেকওভার। তারপর আরও ভাইরাল। আর এবার সোজা কুম্ভ থেকে বলিউডে পা। তবে শুধু সিনেমা নয়, নিজেকে আদ্যোপান্ত বদলে ফেলছেন মনোলিসা। পরিচালকের হাত ধরে পড়াশুনোও শিখছেন। নিজেকে নতুন ভাবে বদলেও ফেলছেন।
এই যেমন, মোনালিসা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করলেন কয়েকটি ছবি ও ভিডিয়ো। যেখানে তাঁকে দেখা গেল একেবারে নতুন অবতারে। একটি ব্র্যান্ডের প্রচারেই বেঙ্গালুরু গিয়েছেন তিনি। সেখানেই মিডিয়ার ক্যামেরার সামনে একেবারেই সাবলীল মোনালিসা।
মোনালিসার বয়স মাত্র ১৬। মা-বাবা, তুতো ভাইবোনদের নিয়ে ইন্দোরে খুবই নিম্নবিত্ত সংসার তাঁর। একটু ভাল রোজগারের আশায় মহাকুম্ভে বোনদের সঙ্গে মালা বিক্রি করতে এসেছিলেন মোনালিসা। কিন্তু মালা বেচা তো দূর অস্ত, ধূসর চোখ, সুন্দর মুখশ্রীর কারণে রাতারাতি সোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠলেন মোনালিসা। প্রথম প্রথম বিষয়টা উপভোগই করছিলেন মোনালিসা। কিন্তু পরের দিকে ব্লগার, সংবাদমাধ্যমের দৌরাত্মে রীতিমতো বিরক্ত তিনি। মালা বিক্রি এতটাই কমতে থাকল যে, দুশ্চিন্তায় কেঁদেই ফেলেছিলেন তিনি। মোনালিসার সেই ভিডিও হয়েছিল ভাইরাল। আর এবার সেই মোনালিসাই নতুন জীবনে দিলেন পা।