হিরে ব্যবসায়ী প্রেমিক হর্ষের সঙ্গে ছেলের আলাপ করালেন মালাইকা! এবার কি বিয়ের পালা?

ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়ল, তাঁদের এই পারিবারিক আড্ডায় যোগ দিয়েছেন হর্ষ মেহতাও। এমনকি মালাইকাদের গাড়িতেই উঠে পড়তে দেখা যায় তাঁকে। যদিও ক্যামেরা এড়াতে মালাইকা ও হর্ষকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায়নি, তবে একই গাড়িতে সওয়ার হওয়া এবং আরহানের উপস্থিতিতে হর্ষের উপস্থিতি অনেক ইঙ্গিতই দিয়ে দিচ্ছে।

হিরে ব্যবসায়ী প্রেমিক হর্ষের সঙ্গে ছেলের আলাপ করালেন মালাইকা! এবার কি বিয়ের পালা?

|

Apr 06, 2026 | 6:03 PM

বিটাউনে গুঞ্জন যেন থামতেই চাইছে না। আরবাজের সঙ্গে বিচ্ছেদ এবং অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের টানাপড়েনের পর মালাইকা আরোরার জীবনে কি তবে নতুন বসন্ত? জল্পনা দীর্ঘদিনের হলেও, এবার সেই জল্পনায় ঘৃতাহুতি পড়ল খোদ মালাইকার এক পদক্ষেপেই। চর্চিত প্রেমিক, হিরে ব্যবসায়ী হর্ষ মেহতাকে এবার নিজের পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিলেন বলি-সুন্দরী।

রবিবার ছিল ইস্টার। সেই উপলক্ষেই ছেলে আরহান খান এবং বোন অমৃতা অরোরাকে নিয়ে বেরোতে দেখা যায় মালাইকাকে। কিন্তু চমক ছিল অন্য জায়গায়। ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়ল, তাঁদের এই পারিবারিক আড্ডায় যোগ দিয়েছেন হর্ষ মেহতাও। এমনকি মালাইকাদের গাড়িতেই উঠে পড়তে দেখা যায় তাঁকে। যদিও ক্যামেরা এড়াতে মালাইকা ও হর্ষকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায়নি, তবে একই গাড়িতে সওয়ার হওয়া এবং আরহানের উপস্থিতিতে হর্ষের উপস্থিতি অনেক ইঙ্গিতই দিয়ে দিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন্তব্য উপচে পড়ছে। অনেকের মতে, হর্ষের হাঁটাচলা এবং অবয়বে মালাইকার প্রাক্তন অর্জুন কাপুরের বেশ মিল রয়েছে। আবার কেউ কেউ বলছেন, বয়সের ব্যবধান থাকলেও দু’জনকে মানিয়েছে বেশ। তবে সবচেয়ে বড় প্রশ্ন— আরহানের সঙ্গে হর্ষের এই সাক্ষাৎ কি সম্পর্কের পরবর্তী ধাপের ইঙ্গিত?

হর্ষ ও মালাইকার ঘনিষ্ঠতা নতুন নয়। গত বছর এনরিকের অনুষ্ঠানে প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর মহারাষ্ট্রের পালী জেলার এক জৈন মন্দিরেও দু’জনকে একসঙ্গে পুজো দিতে দেখা যায়। যদিও এক সাক্ষাৎকারে মালাইকা এই সব গুঞ্জন হেসেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু রবিবারের এই ‘ফ্যামিলি গেট-টুগেদার’ যেন সেই হাসিকে আরও অর্থবহ করে তুলল।

পেশায় হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গেই কি তবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন মালাইকা? বিটাউনের অলিতে-গলিতে এখন শুধুই এই প্রশ্ন। অফিসিয়াল শিলমোহর কবে পড়ে, এখন সেটাই দেখার।

Follow Us