Mirakkel Season 11: কবে থেকে মীরাক্কেল দেখতে পাবেন? মীর কি এবার থাকছেন?

Comedy Show Mirakkel Return: ২০০৯ সালে ৪ নম্বর সিজনে মীরকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল জনপ্রিয় কমেডিয়ান মৃদুল ভট্টাচার্যকে। তবে তা ছিল শিশু কৌতুক শিল্পীদের নিয়ে। সেই শোয়ে মৃদুলের কমেডিতে নিজস্ব ঘরানা থাকা সত্ত্বেও মীরের অনুপস্থিতিতে সেই চেনা ম্যাজিক তৈরি হয়নি বলেই মনে করেছিলেন দর্শকদের বড় অংশ।

Mirakkel Season 11: কবে থেকে মীরাক্কেল দেখতে পাবেন? মীর কি এবার থাকছেন?

|

Nov 21, 2026 | 3:00 PM

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় পাঁচ বছর পর ছোটপর্দায় ফিরছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হাসির রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উন্মাদনা তুঙ্গে। নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে সিজ়ন ১১— যেখানে পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের জোক্‌সের ভিডিয়ো পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন, আর সেখান থেকেই বাছাই হবে মূল পর্বের প্রতিযোগী। জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ সম্প্রচার শুরু হতে পারে এবং জানুয়ারির শেষ দিক থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে— যদিও পুরো বিষয়টি নির্ভর করছে উপযুক্ত প্রতিযোগী মেলার ওপর। জল্পনা অনুযায়ী, সঞ্চালকের আসনে বরাবরের মতো মীর আফসর আলিকেই দেখা যেতে পারে! তবে বিচারকের আসনে কারা থাকছেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে, শীঘ্রই তা নিয়ে আলোচনায় বসবে চ্য়ানেল কর্তৃপক্ষ।

প্রথম সিজন থেকেই ‘মীরাক্কেল’ যেন নিজের করে নিয়েছিলেন মীর। প্রতিভাবান প্রতিযোগী, মীরের ঝরঝরে ও তীক্ষ্ণ সঞ্চালনা এবং ব্যান্ডেজের পারফরম্যান্স— সব মিলিয়ে একসময় টিআরপির শীর্ষে রাজত্ব করেছে এই শো, টেক্কা দিয়েছে অন্যান্য চ্যানেলের অনুষ্ঠানকেও। মাঝপথে সেই ছন্দে ছেদও পড়েছিল। ২০০৯ সালে ৪ নম্বর সিজনে মীরকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল জনপ্রিয় কমেডিয়ান মৃদুল ভট্টাচার্যকে। তবে তা ছিল শিশু কৌতুক শিল্পীদের নিয়ে। সেই শোয়ে মৃদুলের কমেডিতে নিজস্ব ঘরানা থাকা সত্ত্বেও মীরের অনুপস্থিতিতে সেই চেনা ম্যাজিক তৈরি হয়নি বলেই মনে করেছিলেন দর্শকদের বড় অংশ। চ্যানেল কর্তৃপক্ষও বিষয়টি টের পায়, পরের সিজন থেকেই ফের মীরই দায়িত্ব কাঁধে তোলেন। রসিকতার ছলে সেই সিদ্ধান্ত বদল, টিআরপির লড়াই, চেক, বেতন প্রসঙ্গ— মীরাক্কেলে সবই বারবার সামনে এনেছেন মীর।

সময় এগোতে থাকে। বরাবরের মতোই মীরাক্কেল নিজের জায়গা তৈরি করে। তবে ঠিক এই সময়ই নিজের কাজের গতিপথ ধীরে ধীরে বদলে নিতে থাকেন মীর। নানা সাক্ষাৎকারে ছোটপর্দার প্রতি তাঁর অনীহার কথা অকপটে জানিয়েছেন মীর। এরই মাঝে হঠাৎই ‘মীরাক্কেল’ বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে টেলিভিশন থেকে দূরে সরে যান মীর এবং রেডিও মির্চির দীর্ঘ অধ্যায়েরও ইতি টানেন। অভিনয়েও তাঁর হাতে খড়ি হয়। তবে সিনেপাড়াতেও টিকে থাকতে চাননি মীর আফসার আলি। থেমে না থেকে নতুন প্রজন্ম তথা জেন-জি দর্শকদের কাছে পৌঁছতে ডিজিটাল দুনিয়ায় পা রাখেন— ‘গল্প মীরের ঠেক’-এ শুরু হয় নতুন পথচলা। আর সেখানেও মীর ম্যাজিক বলবৎ!

মীরাক্কেল নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও, মীর কিন্তু নিজের মনের দরজা একেবারে বন্ধ করে রাখেননি; বরং বার বার মীরাক্কেল প্রশ্নের মুখে পড়ে সেই মনের দরজা হালকা ফাঁক রেখে দিয়েছেন। প্রায় তিন বছর আগের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে, তাঁর আগ্রহ কেবল গল্প পড়ায় ও মানুষের কাছে পৌঁছে দেওয়ায়; টেলিভিশনে আর তেমন আগ্রহ পাচ্ছেন না। নতুন সিজন আসা না-আসার সিদ্ধান্ত চ্যানেলের হাতেই ছেড়ে দিয়ে তিনি বলেছিলেন, মীরাক্কেল যতটা তাঁর, তার চেয়ে বেশি সংশ্লিষ্ট চ্যানেলের— চ্যানেল চাইলে তাঁকে নিয়ে বা তাঁকে ছাড়াও শুরু করতে পারে। এখান থেকে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি সত্য়িই স্ট্য়ান্ড আপ কমেডির প্রতি মীরের অনিহা হয়েছে! মীরও কী তাহলে মীরাক্কেলের সেই জোকস যে এই মুহূর্তে অনেকটাই অচল, সেই ভাবনায় বিশ্বাসী?

সম্প্রতি এক পডকাস্টে ফের মীরাক্কেল প্রসঙ্গে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন মীর। তাঁর কথায়, চ্যানেলের শো হওয়ায় চ্যানেলের নিজস্ব মতামত থাকবেই; কিন্তু যে মূর্তি বেদির ওপর গড়া হয়েছে, বেদি কাঠের হলেও তার প্রতি সমান সম্মান থাকা জরুরি। মূর্তিকে যতটা মর্যাদা দেওয়া হয়েছে, যে বেদির ওপর তা দাঁড়িয়ে আছে, সেই বেদিকেও সমানভাবে সম্মান করতে হবে। ২০ বছরের পুরনো এই ব্র্যান্ডকে মানুষ আজও মনে রেখেছে— পথেঘাটে বেরোলে আজও তাঁকে শুনতে হয়, ‘মীরাক্কেলের ছেলে না!’ বাবা মীর সুলতান আহমেদ বা মা মনজুর আমিরের পরিচয় ছাপিয়ে এই ‘মীরাক্কেলের ছেলে’ তকমা তাঁর কাছে আলাদা এক পরিচিতি, যা তাঁকে এখনও আনন্দ দেয়। এর থেকেই স্পষ্ট মীরাক্কেলের প্রতি মীরের মনে আলাদা জায়গা তো রয়েইছে। মীর কিন্ত এই পডকাস্টেই সেই ইঙ্গিত দিয়েছিলেন, তাই বার বার বলেছেন, ভালো কিছু হলে অবশ্য়ই তিনি ফিরবেন!

সব মিলিয়ে সিজন ১১-র সম্ভাব্য ফেরার আগে এই প্রশ্নটাই আরও জোরালো হয়ে উঠছে— ‘মীরাক্কেল’ কি কেবল একটি শোয়ের নাম হয়ে মীরকে ধারণ করে, নাকি মীরের উপস্থিতিই শো-টিকে আলাদা সত্ত্বা দেয়? এবারও কি সেই উত্তর লুকিয়ে রয়েছে মীরাক্কেলের টিআরপি-তে? হয়তো সময় বলবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us