
অবশেষে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রী মৌনী রায়। বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী সকলকে ‘মিথ্যা রটনা’ না ছড়ানোর অনুরোধ জানান। সুরজের সঙ্গে তাঁর বিচ্ছেদ হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, এই কঠিন সময়ে গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসর বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের উদ্দেশে মৌনী লেখেন, “সব সংবাদমাধ্যমের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কোনও মিথ্যা খবর প্রকাশ করবেন না। আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা দিন। দয়া করে।”
২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌনী রায় এবং সুরজ নাম্বিয়ার। মালায়ালি এবং বাঙালি— দুই রীতিতেই বিয়ে করেছিলেন তাঁরা। সেই সময় তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল এবং অনুরাগী থেকে শুরু করে তারকারা সকলেই তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন।
বিয়ের পর প্রায়ই এই দম্পতিকে বিভিন্ন অনুষ্ঠান এবং ছুটিতে একসঙ্গে দেখা যেত। তবে সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রামের কর্মকাণ্ড ঘিরেই শুরু হয় জল্পনা। নেটিজেনরা লক্ষ্য করেন যে, মৌনী ও সুরজ একে অপরকে আনফলো করার পাশাপাশি প্রোফাইল থেকে বিয়ের সমস্ত ছবিও মুছে ফেলেছেন।
গুঞ্জন রটে যায় মৌনী এবং সুরজ ইতিমধ্যে আলাদা হয়ে গিয়েছেন এবং তাঁরা আর একসঙ্গে থাকছেন না। আরও অভিযোগ তোলা হয়েছে যে, জনপ্রিয়তার লোভে সুরজ মৌনীর সঙ্গে ‘প্রতারণা’ করেছেন এবং তাঁদের সম্পর্কের সময় মৌনীর অর্থও ব্যবহার করেছেন। তবে এই তথ্যের সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
সুরজ নাম্বিয়ার দুবাই ভিত্তিক একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। তিনি আর.ভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক সম্পন্ন করেন। এরপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইনভেস্টমেন্ট সায়েন্স এবং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন।
কর্মজীবনে সুরজ ‘অশোকা ইন্ডিয়া’য় ইন্টার্ন হিসেবে কাজ শুরু করার পর ‘ইনভিকাস’ (Invicus)-এ ইঞ্জিনিয়ারিং ও বিজনেস ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে বিয়ের সময় সুরজ সংযুক্ত আরব আমিরশাহীতে ‘ক্যাপিটাল মার্কেটস’-এর ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। রিপোর্ট অনুযায়ী, সুরজের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকা।