
দেশ থেকে মাদকের ভয়াবহতা সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া ‘নেশামুক্ত ভারত’-এর সংকল্পকে সর্বান্তকরণে সমর্থন জানালেন জনপ্রিয় অভিনেতা ’ আক্কিনেনি নাগার্জুন। এই সংকল্পে সকলকে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
হায়দরাবাদের আমিরপেটের মৈত্রীবনমে ‘হায়দরাবাদ ওয়াকস ফর নেশা মুক্ত ভারত’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং ২০১৭ সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রযুক্তি উদ্যোক্তা তথা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সংস্থার প্রতিষ্ঠাতা ড. বি ভি আর মোহন রেড্ডির সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেন নাগার্জুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি যে বিপুল জনসমর্থন পাচ্ছেন, তার ভূয়সী প্রশংসা করেন নাগার্জুন। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যুবক-যুবতী ও ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
নাগার্জুন জানান, দেশ থেকে মাদকাসক্তি পুরোপুরি দূর করার দৃঢ় সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই কর্মসূচির অনুপ্রেরণা জুগিয়েছেন। এই লক্ষ্য পূরণে এবং আন্দোলনকে সর্বাঙ্গীণ সফল করতে যুবসমাজ ও পড়ুয়াদের আরও বেশি সংখ্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অভিনেতা স্পষ্ট করে দেন, এই উদ্যোগ সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গে জড়িত। অত্যন্ত ভালো একটি ভাবনা নিয়ে এই কর্মসূচি শুরু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির প্রশংসা করে তিনি জানান, গত দু’দিন ধরে তিনি এই পদযাত্রা লক্ষ্য করছেন এবং বহু মানুষ ও তরুণ প্রজন্ম এতে যোগ দিচ্ছেন দেখে তিনি আনন্দিত। নেশামুক্ত ভারত গড়তে কিষাণ রেড্ডির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানো এবং এই সংকল্পকে সমর্থন করার জন্য সকলের কাছে আবেদন জানান নাগার্জুন।
মৈত্রীবনমের এই অনুষ্ঠানে নাগার্জুনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোগী ও সমাজসেবী ড. বি ভি আর মোহন রেড্ডি। সায়েন্ট লিমিটেডের মাধ্যমে ভারতের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ক্ষেত্রে তাঁর অবদান দেশের অর্থনৈতিক বিকাশের পাশাপাশি সমাজকল্যাণ ও শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ইঞ্জিনিয়ারিং পরিষেবা, প্রযুক্তি ও সমাজসেবায় তাঁর নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
নয়ের দশকে যেমন ‘আইটি সার্ভিসেস’ একটি নতুন ও কার্যকর ব্যবসায়িক মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তেমনই ড. বি ভি আর রেড্ডি ‘ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস’-এর একটি স্বতন্ত্র ক্ষেত্র গড়ে তুলেছেন— যা ভারতে উচ্চমানের ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত প্রযুক্তিগত দক্ষতা নিয়ে আসতে সফল হয়েছে। তাঁর এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’-এর দৃষ্টিভঙ্গির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।