
বলিউডের বহুল প্রতীক্ষিত এবং বিগ বাজেট ছবি ‘রামায়ণ’-কে ঘিরে উত্তেজনার শেষ নেই। পরিচালক নীতেশ তিওয়ারির এই মেগা প্রজেক্টের দিকে নজর রয়েছে গোটা দেশের। তবে এর মাঝেই ছবির প্রযোজনা সংস্থাকে ঘিরে এক বড়সড় আইনি জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি বলিউড ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রখ্যাত প্রযোজক ও ভিএফএক্স বিশেষজ্ঞ নামিত মালহোত্রার সংস্থা ‘প্রাইম ফোকাস লিমিটেড’ (Prime Focus Ltd.)-এর মুম্বইয়ের বিভিন্ন অফিসে হঠাৎই হানা দিয়েছে আয়কর বিভাগ (Income Tax Department)। দেশের বাইরে অর্থ লেনদেন সংক্রান্ত বেশ কিছু আর্থিক বিষয় খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।
তথ্য অনুযায়ী, বুধবার সকালেই আয়কর দফতরের আধিকারিকরা মুম্বইয়ে অবস্থিত প্রাইম ফোকাসের অফিসে হানা দেন। মূলত সংস্থাটির বৈদেশিক অর্থ লেনদেন (Foreign Remittances) সংক্রান্ত নথিপত্র এবং হিসাব-নিকাশ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই বিষয়ে আয়কর দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
নমিত মালহোত্রার নেতৃত্বে পরিচালিত ‘প্রাইম ফোকাস’ বিশ্বজুড়ে ভিজ্যুয়াল এফেক্টস (VFX), অ্যানিমেশন, পোস্ট-প্রোডাকশন এবং কনটেন্ট তৈরির ক্ষেত্রে এক অন্যতম শীর্ষস্থানীয় বিনোদন ও প্রযুক্তি সংস্থা। বিশ্বব্যাপী এই সংস্থার ব্যবসা ছড়িয়ে রয়েছে এবং রিপোর্ট অনুযায়ী, তাদের মোট আয়ের প্রায় ৯২ শতাংশই আসে ভারতের বাইরে আন্তর্জাতিক বাজার থেকে।
এর আগে চলতি বছরের জুন মাসেই সেবির (SEBI) নজরদারির মুখে পড়েছিল এই সংস্থা। আর্থিক প্রকাশ এবং অ্যাকাউন্টিং প্র্যাকটিস সংক্রান্ত কিছু বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তদন্ত চালালেও, পরবর্তীতে কোনো অনিমমিততা না পাওয়ায় সেই বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল।