
বলিউডে সাফল্য আর আফশোসের গল্প পাশাপাশি হেঁটে চলে। এবার নিজের কেরিয়ারের অন্যতম বড় ভুল ও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনে আক্ষেপ উগরে দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি নিজের টক শোর বিশেষ বোর্ড গেম পর্বে কথাপ্রসঙ্গে নেহা স্পষ্ট জানান, শাহরুখ খান অভিনীত কালজয়ী ছবি ‘চক দে! ইন্ডিয়া’-র প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা তাঁর অভিনয় জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল।
নেহার কথায়, অভিনয় জীবন শুরু করার পর থেকেই তাঁর ইচ্ছে ছিল একটি নিখাদ ক্রীড়াভিত্তিক ছবি বা স্পোর্টস ড্রামায় অভিনয় করার। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের সেরা সুযোগটি যখন তাঁর দোরগোড়ায় এসে হাজির হয়েছিল, তখন নানা কারণে তা হাতছাড়া হয়ে যায়। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চক দে! ইন্ডিয়া’ ছবিটিতে শাহরুখ খানের কোচ কবীর খানের ভূমিকা এবং হকি টিমের দুর্দান্ত পারফরম্যান্স যেমন বক্স অফিসে ঝড় তুলেছিল, তেমনই সমালোচকদের কাছেও পেয়েছিল অনন্য সম্মান। এই ঐতিহাসিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রজেক্টটি হাতছাড়া হওয়ার আফসোস এখনও তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে।
কেবল ‘চক দে! ইন্ডিয়া’-ই নয়, সামরিক অভিযান ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রেক্ষাপটে তৈরি নেটফ্লিক্স প্রজেক্ট ‘অপারেশন সাফেদ সাগর’-এর কাজও ফিরিয়ে দিতে হয়েছিল নেহাকে। সেনাবাহিনী বা সামরিক অভিযানের পটভূমিতে কাজ করার দীর্ঘদিনের ব্যক্তিগত বাসনা থাকা সত্ত্বেও এই ওয়েব সিরিজের প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাধ্য হন তিনি।
নিজের কেরিয়ারের এই দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে নেহা ধুপিয়ার এই অকপট স্বীকারোক্তি নিয়ে এই মুহূর্তে বি-টাউনে বেশ চর্চা শুরু হয়েছে। অভিনেত্রীর মতে, এই দুটি কাজ হাতছাড়া না হলে হয়তো তাঁর অভিনয় জীবনের গতিপথ এক ধাক্কায় অনেকটাই বদলে যেতে পারত এবং তাঁর ফিল্মোগ্রাফিও হয়ে উঠতে পারত আরও সমৃদ্ধ।