
উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে আটকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে ইউভান। তবে খবর অনুযায়ী, তাঁরা সুস্থ ও স্বাভাবিকই রয়েছেন। শনিবার ছেলেকে নিয়ে দুবাই পৌঁছে আটকে পড়েছেন শুভশ্রী। আগামী ৫ তারিখ কলকাতায় ফেরার টিকিট অভিনেত্রীর। কীভাবে ফিরবেন তাঁরা, চিন্তায় অভিনেত্রীর পরিবার।
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে ইউভানের দুবাই থেকে কলকাতায় ফেরা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিচালক ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। অবশেষে কিছুটা হলেও, সেই দুশ্চিন্তার অবসান ঘটতে হয়তো চলেছে। রাজ চক্রবর্তী টিভি নাইন বাংলাকে জানালেন, বুধবার মধ্যরাতের ফ্লাইটে কলকাতা ফিরতে পারেন শুভশ্রী ও ইউভান। তবে পুরো বিষয়টা স্পষ্ট ভাবে জানতে পারব সন্ধ্যে নাগাদ। তবে যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিম এশিয়া, পরিস্থিতি যে কোনও সময়ই বদলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ। তাই যতক্ষণ না শুভশ্রী ও ইউভান কলকাতার মাটিতে পা দিচ্ছে, দুশ্চিন্তা তো রয়েই যায়।
শান্ত পাহাড়ের নিচে সুপ্ত আগ্নেয়গিরি যেন হঠাৎই ফেটে পড়েছে। শনিবার ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। পাল্টাপাল্টি আক্রমণে কার্যত যুদ্ধের দাবানলে পুড়ছে ইরান ও তার প্রতিবেশী দেশগুলো। আর এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ গিয়ে লেগেছে পর্যটন ও বাণিজ্যের স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরশাহিতেও। শনিবার ভোরে ইরানি ভূখণ্ডে ইজরায়েল ও আমেরিকার অতর্কিত হামলার পর থেকেই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা জবাব দিতে তেহরান এখন রণংদেহি মেজাজে। ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে ইরান।
শুধু ইজরায়েল নয়, এই অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা শুরু করেছে ইরানি বাহিনী। সবচেয়ে ভয়াবহ অবস্থা সংযুক্ত আরব আমিরশাহির। দুবাইয়ের মতো ব্যস্ত শহরেও এখন কান ফাটানো বিস্ফোরণের শব্দ। বিলাসবহুল এই শহর এখন আতঙ্কের গ্রাসে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে কয়েক লক্ষ ভারতীয় কর্মরত বা পর্যটক হিসেবে অবস্থান করছেন। যুদ্ধের এই আকস্মিক আবহে প্রাণের ঝুঁকিতে রয়েছেন বহু ভারতীয়।
“চতুর্দিকে শুধু ধোঁয়া আর বিস্ফোরণের বিকট শব্দ। ঘরে থাকাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে,”—দুবাইয়ে আটকে পড়া এক ভারতীয়র বয়ানে উঠে এল এই চরম অনিশ্চয়তার ছবি।