
একেই বলে নামের স্বার্থকতা। বলা ভালো সিনেমার চরিত্রের স্বার্থকতা। ছবির রাম, যেন সত্যিই রাম হয়ে উঠলেন। সোজা অযোধ্যায় পৌঁছে কিনে ফেললেন জমি! ব্য়াপারটা কী? খোলসা করা যাক।
অমিতাভ বচ্চনের পর এবার রাম জন্মভূমি অযোধ্যায় নিজস্ব আস্তানা গড়তে চলেছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। বৃহস্পতিবার ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’ (HoABL) নামক রিয়েল এস্টেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের একটি প্রিমিয়াম প্লটেড ডেভেলপমেন্টে জমি কিনেছেন অভিনেতা।
সরকারি বিবৃতি অনুযায়ী, রণবীর কাপুর ২,১৩৪ বর্গফুটের একটি জমি কিনেছেন যার বাজারমূল্য প্রায় ৩.৩১ কোটি টাকা। এই প্লটটি সরযূ নদীর তীরে অবস্থিত ৭৫ একরের সুবিশাল প্রকল্প ‘দ্য সরজু’-র অন্তর্গত।
কী বললেন রণবীর?
এই বিশেষ বিনিয়োগ নিয়ে আবেগপ্রবণ রণবীর কাপুর জানান, “আমার বিশ্বাস অযোধ্যা আমাকে বেছে নিয়েছে এবং আমি কেবল সেই ডাকের সাড়া দিয়েছি। আমাদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে অযোধ্যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ‘দ্য সরজু’-তে এই জমিটি আমার পরিবারের জন্য এক চিরস্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।”
রামায়ণ ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর।
রণবীর কাপুর একা নন, এর আগে মেগাস্টার অমিতাভ বচ্চনও অযোধ্যায় চারটি সম্পত্তি কিনেছেন। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে তিনি ৪০ কোটি টাকা ব্যয়ে ২৫,০০০ বর্গফুটের একটি বিশাল জমি কেনেন। এ ছাড়াও ‘দ্য সরযূ’ প্রকল্পে ১৪.৫ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন ট্রাস্টের নামে ৫৪,০০০ বর্গফুটের আরও একটি জমি নথিভুক্ত করেছেন তিনি।
কাকতালীয়ভাবে, রুপোলি পর্দাতেও এখন রণবীরের ধ্যান-জ্ঞান জুড়ে রয়েছেন শ্রীরামচন্দ্র। নীতেশ তিওয়ারির সিনেমা ‘রামায়ণ’-এ তিনি রামের ভূমিকায় অভিনয় করছেন, যা ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। এই ছবির মুক্তির আগেই বড় চমক দিলেন রণবীর। এ ছাড়াও আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে তাঁকে।